তিন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ একজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বালিকা উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকেরা হচ্ছেন: কৃষ্ণকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ের সুমন কান্তি শীল, লালখান বাজার শহীদনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রণধীর দাস এবং ফতেয়াবাদ শৈলবালা বালিকা উচ্চবিদ্যালয়ের আশীষ রাহা। সুমন কান্তিকে ৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রণধীর দাসের বিরুদ্ধে ১৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আর আশীষ রাহার বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘কিছু শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এসেছে। আমরা তদন্ত করে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত একজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।সিটি করপোরেশন সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুমন কান্তি দশম শ্রেণীর এক ছাত্রীকে নিজ বাসায় নিয়ে শ্লীলতাহানি করেন। ওই দিন শিক্ষকের পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না। ছাত্রীটি তার অভিভাবকদের বিষয়টি জানালে তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। সুমন কান্তি বিদ্যালয়ের আরও পাঁচজন শিক্ষকের সামনে অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষকের কাছে লিখিত মুচলেকা দেন। এতে তিনি বলেন, ভবিষ্যতে এসব আর করবেন না।সূত্র জানায়, কিন্তু অভিভাবকেরা প্রধান শিক্ষকের এই বিচারে সন্তুষ্ট না হয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহীর কাছে একই অভিযোগ দেন। এরপর একজন শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেন। তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষককে দোষী বলে উল্লেখ করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিভাবকেরা ৬ এপ্রিল বিষয়টি মেয়রকে জানান। এরপর মেয়রের নির্দেশে ৭ এপ্রিল সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় সুমনকে ১০ দিনের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়। তবে গতকাল বুধবার পর্যন্ত তিনি আত্মপক্ষ সমর্থন করে কোনো আবেদন জমা দেননি।সুমন কান্তি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি বাসায় ভালো প্রাইভেট পড়াই। এটা অনেকে সহ্য করতে পারছেন না। আমি আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিচ্ছি।’সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার ই আলম বলেন, ‘সুমনের লিখিত মুচলেকা প্রমাণ করে, তিনি অপরাধী। আমরা তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছি। নির্দিষ্ট সময়ে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’লালখান বাজার শহীদনগর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষক প্রণধীর দাসের বিরুদ্ধে করপোরেশনের পক্ষ থেকে তদন্ত করা হয়। ১৭ এপ্রিল প্রতিবেদন শিক্ষা বিভাগে জমাও দেওয়া হয়েছে। এতে বলা হয়, ২০১০ সালে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে প্রণধীর ওই ছাত্রীকে একটি কক্ষে থাকতে বলেন। এরপর সব ছাত্রী চলে গেলে তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ছাত্রী বিষয়টি অভিভাবককে জানালে তিনি মৌখিকভাবে প্রধান শিক্ষিকাকে জানান। কিন্তু প্রধান শিক্ষিকা কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।ছাত্রীর অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকের অশোভন আচরণের বিচার চেয়ে বিভিন্ন স্থানে গেছি। অবশেষে আমি মেয়রের দ্বারস্থ হলাম। ওই ঘটনার পর মেয়ে আর স্কুলে যায়নি, বার্ষিক পরীক্ষাও দেয়নি। তাই লেখাপড়াও বন্ধ।’তবে শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশরাফুন নেসা প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রীর বাবা আমাকে লিখিত কিছু জানাননি। শুধু জানিয়েছেন, মেয়েটি আমার স্কুলে লেখাপড়া করতে চায় না। আমি যেন তাকে টিসি দিই।’অন্যদিকে শৈলবালা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আশীষ রাহার বিরুদ্ধে এক ছাত্রী সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার-ই- আলম বলেন, ছাত্রীর অভিযোগের তদন্ত-প্রক্রিয়া শুরু হয়েছে।