তিন শিক্ষার্থীর শাস্তির পর ক্লাসে গেলেন শিক্ষকেরা
তিন শিক্ষার্থীর শাস্তি নিশ্চিত করার পর ক্লাশ বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিলেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকেরা। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের এক সভায় এ শাস্তির সিদ্ধান্ত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক মোল্লা এ কথা জানিয়েছেন।সিরাজুল হক মোল্লা প্রথম আলো অনলাইনকে বলেন, শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও এক শিক্ষার্থীকে জরিমানা করার পর শিক্ষকেরা ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলছে। শাস্তি পাওয়া তিন ছাত্রের মধ্যে তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বর্ষের সুকান্তকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত বহিষ্কার (পরবর্তী সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে) করা হয়েছে। আর যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আশরাফ আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁদের আর কখনোই আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে না। ৬ ফেব্রুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা হলে অবৈধভাবে অবস্থান নেওয়া তিন অনাবাসিক ছাত্রকে হল থেকে চলে যাওয়ার নির্দেশ দিলে তাঁরা সহকারী প্রাধ্যক্ষ ইমরান হোসেন খানের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার বিচার দাবিতে গত সোমবার পর্যন্ত শিক্ষক সমিতি উপাচার্যকে আলটিমেটাম দিয়েছিল। এ সময়ের মধ্যে বিচার না পাওয়ায় বুধবার সকালে শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এরপর উপাচার্য এম সবদার আলী বোর্ড অব ডিসিপ্লিনের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে ওই তিন ছাত্রকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে শাস্তি পাওয়া শিক্ষার্থী আরিফ হোসেন জানান, হলে আসন পাওয়ার আশায় তিনিসহ অন্যরা বাইরের মেস ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চলতি শিক্ষাবর্ষের ক্লাসপরীক্ষা শুরুর পরও আসন বরাদ্দ না দেওয়ায় বাধ্য হয়ে অস্থায়ীভাবে তাঁরা হলে ওঠেন। ঘটনার দিন তাঁরা ওই শিক্ষকের কাছে অনুরোধ করলে তিনি তা না রাখায় বাগিবতণ্ডা হয়। পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার জন্য শিক্ষকদের কাছে গেলেও তাঁরা ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাননি বলে তিনি দাবি করেন।