তিন শিশুকে থানায় নির্যাতন, হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগে তিন শিশুকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই কার্যকলাপ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত। আজ সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার ‘তিন শিশুকে ছয় দিন থানায় আটকে রেখে নির্যাতন’ শিরোনামে একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। শিশুরা হলো পাখি আকতার (৮), তার ভাই বারেক (১০) ও ফুপাতো ভাই মিরাজুল (৭)। ওই খবর আজ আদালতের নজরে আনেন বাংলাদেশ লিগ্যাল এইড ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম বায়েজিদ। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।এ ব্যাপারে এ বি এম বায়েজিদ প্রথম আলোকে বলেন,নবাবগঞ্জের ১৫ নম্বরে মাহবুবুর রহমানের বাড়িতে পাখি কাজ করত। ওই তিন শিশুর বিরুদ্ধে ৮০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ করা হয়। প্রতিবেদনে জানা যায়, এরপর শিশুদের থানায় আটকে রেখে লাঠি দিয়ে পেটানো হয়। হাতের আঙুলে প্লায়ার্স দিয়ে নির্যাতন করা হয়।এম এ বায়েজিদ বলেন, এটা আদালতের নজরে এনেছি, বলেছি এ ধরনের নির্যাতন অমানবিক ও ১৯৭৪ সালের শিশু আইনের পরিপন্থী। আদালত রুল জারি করেছেন বলেও তিনি জানান।