তিন শিশুর খোঁজ তিন দিনেও মেলেনি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে যাওয়া তিন শিশুর খোঁজ তিন দিনেও মেলেনি। ভেসে যাওয়ার তিন দিন পরও খোঁজ মেলেনি। তিন শিশুর অভিভাবকেরা গতকাল বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে আজ শুক্রবার পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।পুলিশ জানায়, গত বুধবার দুপুরে আকস্মিক পাহাড়ি ঢলে কোম্পানীগঞ্জের কলাবাড়ী এলাকার শ্রমিকদের বস্তি ভেঙে যায়। এ সময় বস্তিতে থাকা পাথরশ্রমিক পরিবারের সদস্যরা অন্যত্র সরে যায়। তবে একটি পরিবারের তিন শিশু নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শী ও বস্তিবাসীদের ধারণা শিশুরা পাহাড়ি ঢলে ভেসে গেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নন্দন কান্তি ধর জানান, সুনামগঞ্জের দিরাই উপজেলার পাথরশ্রমিক আবদুল খালিকের মেয়ে শবনম (৫), মাছিমপুরের পাথরশ্রমিক সুলতান মিয়ার মেয়ে মারজিয়া (৫) ও মারকুলির নাসির মিয়ার মেয়ে মুক্তা বেগম (৩) নিখোঁজ রয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি তিন শিশুর পরিবার উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে। পুলিশ ও এলাকাবাসী তাদের খুঁজছে।