মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার
তিন সংস্থার মধ্যে সমন্বয়ের উদ্যোগ, তদন্ত সংস্থায় যুক্ত হচ্ছেন ৩৪ কর্মকর্তা
মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার মধ্যে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রতি মাসে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি পক্ষের সঙ্গে একবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া তদন্ত সংস্থার জন্য ৩৪ সদস্যের জনবল কাঠামোও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য-উপাত্ত বিশ্লেষণের জন্য নবীন আইনজীবীদের মধ্য থেকে গবেষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ রোববার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ সভায় সভাপতিত্ব করেন।অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও মানবতাবিরোধী কাজের বিচারের বিষয়টি তদারকি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। এর জন্য একজন পরিচালককে সার্বক্ষণিক খবর রাখা ও তা প্রধানমন্ত্রীকে অবহিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।জানা যায়, বৈঠকে তদন্ত সংস্থার পক্ষে ৩৪ জন জনবল-সংবলিত একটি সাংগঠনিক কাঠামো উত্থাপন করা হয়। এতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক এবং উপপরিদর্শক পদের সাতজন কর্মকর্তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। এ ছাড়া আপাতত তথ্য-উপাত্ত সংরক্ষণের জন্য একটি কক্ষ তৈরির প্রস্তাব করা হয়। প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে প্রস্তাব অনুযায়ী সরকার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, মেজর (অব.) শামসুল আরেফিন তদন্ত সংস্থা থেকে পদত্যাগের খবর সঠিক নয়। তিনি বলেন, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে দেশের নাম উল্লেখ না করে আইনমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ থেকে বেশকিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে।যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার রাজনৈতিক কৌশলবাজি করছে—বিএনপির এই অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার আইন অনুযায়ী হবে। বিচারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিচার করাই আইনের শাসন।তদন্ত সংস্থা থেকে এক কর্মকর্তার পদত্যাগের পরও সে পদে কাউকে নিয়োগ দিতে না পারা সরকারের ব্যর্থতা কি না। এ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, আইনে তদন্ত সংস্থার কোনো প্রধান নেই। সবাই যৌথভাবে কাজ করবেন। তবে জ্যেষ্ঠ ব্যক্তি নেতৃত্ব দিতে পারেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইনসচিব আনোয়ারুল হক, আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু, সদস্য আবদুর রহমান, মুখলেছুর রহমান; তদন্ত সংস্থার আবদুর রহিম, আবদুর রাজ্জাক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।