মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার মধ্যে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতি মাসে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই তিনটি পক্ষের সঙ্গে একবার বৈঠক করবে। গতকাল রোববার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় তদন্ত সংস্থার জন্য ৩৪ সদস্যের জনবল কাঠামোও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য-উপাত্ত বিশ্লেষণের জন্য নবীন আইনজীবীদের মধ্য থেকে গবেষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টি তদারক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ জন্য একজন পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীকে জানাবেন। আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, আইন সচিব আনোয়ারুল হক, আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ, সদস্য আব্দুর রহমান, মুখলেছুর রহমান, তদন্ত সংস্থার আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকে তদন্ত সংস্থার পক্ষে ৩৪ সদস্যের একটি সাংগঠনিক কাঠামো প্রস্তাব করা হয়। এতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, পরিদর্শক ও উপপরিদর্শক পদে সাতজন কর্মকর্তা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। সঙ্গে আপাতত চারটি গাড়ি এবং তথ্য-উপাত্ত সংরক্ষণের জন্য একটি কক্ষ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রস্তাবটি সভায় অনুমোদন হয়েছে। সাত দিনের মধ্যে প্রস্তাব অনুযায়ী সরকারপক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তদন্ত সংস্থা থেকে মেজর (অব.) শামসুল আরেফিনের পদত্যাগের খবর সঠিক নয়। তিনি বলেন, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে দেশের নাম উল্লেখ না করে আইনমন্ত্রী জানান, বিশ্বের অনেক দেশ থেকে বেশকিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার ‘রাজনৈতিক কৌশলবাজি’ করছে—বিএনপির এই অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিচার আইন অনুযায়ী হবে। বিচারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তদন্ত সংস্থা থেকে এক কর্মকর্তার পদত্যাগের পর সে পদে এখনো কাউকে নিয়োগ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইনে তদন্ত সংস্থার কোনো প্রধান নেই। সবাই যৌথভাবে কাজ করবেন। তবে জ্যেষ্ঠ ব্যক্তি নেতৃত্ব দিতে পারেন।