তিন সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর ক্ষুদ্রকাঠি গ্রামে তিন সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার পর মা রেণু বেগম (৩০) আত্মহত্যার চেষ্টা করেছেন।গতকাল বুধবার রাতে এ ঘটনা। আজ বৃহস্পতিবার সকালে রেণু বেগমকে ওই এলাকার সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়।শিশু তিনটি হলো মারিয়া আক্তার (১৩), মাইনুল (৭) ও মরিয়ম আক্তার (০৪)।এলাকাবাসী ও রেণুর স্বামী জানান, দেড় মাস ধরে রেণুর আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল।সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুদের বাবা আবদুল মালেক (৪৮) আজ সকালে বাড়িতে এসে ঘরে কাউকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে তিনি বাড়ির পাশে ডোবায় মরিয়মের লাশ ভেসে উঠতে দেখেন। এ সময় মালেকের চিত্কারে এলাকাবাসী ছুটে আসে। পরে ওই ডোবা থেকেই অন্য দুই শিশুর লাশও উদ্ধার করে এলাকাবাসী।এদিকে আজ সকালে সন্ধ্যা নদী থেকে জেলেরা রেণু বেগমকে উদ্ধার করে গ্রামের চৌকিদারের কাছে নিয়ে আসে। পরে চৌকিদার পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।রেণু উপস্থিত সবার কাছে হত্যার কথা স্বীকার করেছেন।পুলিশ ওই তিন শিশুর লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং রেণুকে আটক করা হয়েছে।