রৌদ্রোজ্জ্বল নীল আকাশে সাদা মেঘ, আর বাতাসে শীতের আমেজ। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আগমনধ্বনি যেন বাজছে চারপাশে। আর মাত্র এক দিন, ৪ নভেম্বর ১৪ বছর পূর্ণ করছে প্রথম আলো। ঈদ, পূজা, প্রবারণা পূর্ণিমা—এসব মিলিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মৌসুমটা উৎসবের। ঢাকা এখনো কিছুটা ফাঁকা, যানজট কম। ছুটির আড়মোড়া ভেঙে এখনো পুরোপুরি গা ঝাড়া দেয়নি ঢাকা। এই প্রেক্ষাপটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনটা ছড়িয়ে দেওয়া হয়েছে তিন সপ্তাহব্যাপী।৪ নভেম্বর মূল পত্রিকার সঙ্গে ৮ পৃষ্ঠার একটা বিশেষ সংখ্যা বেরোবে। বিগত এক বছরে সংবাদকর্মী ও ফটোসাংবাদিকেরা যেসব খবর ও ছবির পেছনে ছুটেছেন, সেসবের নেপথ্য কাহিনি থাকবে এই বিশেষ সংখ্যায়। প্রথম আলোর ঢাকা কার্যালয়ে সাংবাদিক-কর্মীরা মিলিত হবেন পরিচালকদের নিয়ে।৪ নভেম্বর বিকেল চারটা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে পাঠক-লেখক-শিল্পীদের প্রীতিসম্মিলনী। আর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪, ৫ ও ৬ নভেম্বরজুড়ে দেশের বিভাগীয় শহর, জেলা কেন্দ্র এবং উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের মোট ১০০টি স্থানে পাঠক-সুধীজনেরা মিলিত হবেন সাংস্কৃতিক সম্মিলনী অনুষ্ঠানে।২৩, ২৪ ও ২৫ নভেম্বর (যথাক্রমে শুক্র, শনি ও রোববার) বেরোবে প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ সংখ্যা, পর পর তিন দিন। ২৩ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় প্রথম আলোর শুভানুধ্যায়ীদের জন্য থাকছে সংবর্ধনা বা প্রীতিসম্মিলনী।প্রথম আলো প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন নতুন বার্তা নিয়ে হাজির হয় দেশবাসীর সামনে—এবার আসছে কী নিয়ে? তা জানতে অপেক্ষা করতে হবে ৪ নভেম্বর পর্যন্ত। আর কার্যক্রমের দিকে চোখ রাখতে হবে ২৫ নভেম্বর পর্যন্ত।প্রথম আলোর কর্মীরা যেমন, পাঠক আর শুভানুধ্যায়ীরাও তেমন সানন্দ প্রতীক্ষায় তাকিয়ে আছেন প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনের দিকে। সেটা যেমন বাংলাদেশের ভেতরে, তেমনি বাংলাদেশের বাইরেও—সারা পৃথিবীতেই। এখন প্রতিদিন ইন্টারনেটের মাধ্যমে ১৯০টি দেশ থেকে লাখ লাখ পাঠক প্রথম আলো পাঠ করেন। এই তথ্য পাওয়া যায় গুগল অ্যানালেটিক্স থেকে।