তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে মালয়েশিয়া আগামী তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য প্রস্তাব পেশ করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামোবিষয়ক বিশেষ দূত এস সামি ভেলুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় স্বার্থ বিবেচনা করে সমান সুবিধাজনক অবস্থায় (উইন-উইন সিচুয়েশন) পৌঁছাতে পারলেই চুক্তি হবে।’ যোগাযোগমন্ত্রী জানান, আজ মালয়েশিয়ার প্রতিনিধিদলটি এমন একটি চুক্তির খসড়া দিয়েছে, যেখানে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। এখন তারা বাংলাদেশের বিশেষজ্ঞ দলের সঙ্গে কারিগরি বিষয় নিয়ে আলোচনা করবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার এক বিন্দুও সরে নাই। দেশি অর্থায়নেই পদ্মা সেতু হবে। তবে পদ্মা সেতু নির্মাণের জন্য আমাদের ডলারও লাগবে। সে জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কোনো দেশ বা সংস্থা এগিয়ে এলে তাদের সহায়তা আমরা গ্রহণ করব।’ মালয়েশিয়ার প্রতিনিধিদলটি এখন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেছে। প্রেস ব্রিফিংয়ের সময় সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।