চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের অনুরোধে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন তিন সহকারী প্রক্টর মঞ্জুর মোর্শেদ, মঈনুল ইসলাম ও শিপক কৃষ্ণ দেবনাথ। আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে তাঁরা এ পদত্যাগপত্র প্রত্যাহার করেন। তবে পদত্যাগের ব্যাপারে এখনো অনড় রয়েছেন প্রক্টর আকতার হোসেন।এ প্রসঙ্গে উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, তিন সহকারী প্রক্টর দুপুরে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।পদত্যাগপত্র প্রত্যাহার প্রসঙ্গে শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য আমাদের অনুরোধ করেছেন। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। তাই আমরা আমাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেছি।’এদিকে পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়ে প্রক্টর আকতার হোসেন অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই পদে ফিরে যাওয়ার আর কোনো ইচ্ছা আমার নেই।’গত মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা অস্ত্র মামলা প্রত্যাহার ও বহিষ্কৃত এক কর্মীকে পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কার্যালয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় ওই দিনই প্রক্টর ও তিন সহকারী প্রক্টর পদত্যাগ জমা দেন। গত বুধবার এ নিয়ে উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা দুর্ব্যবহারের জন্য উপাচার্য ও সহ-উপাচার্যের কাছে ক্ষমা চান।