তিন সহকারী প্রক্টরের পদত্যাগপত্র প্রত্যাহার অনড় প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টর মঞ্জুর মোর্শেদ, মঈনুল ইসলাম ও শিপক কৃষ্ণ দেবনাথ গতকাল বৃহস্পতিবার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। তবে পদত্যাগের ব্যাপারে এখনো অনড় রয়েছেন প্রক্টর আকতার হোসেন। উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেছেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ে গিয়ে তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র প্রত্যাহার করেন।প্রক্টর আকতার হোসেন পদত্যাগপত্র প্রত্যাহার করবেন কি না, সে বিষয়ে উপাচার্যের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আকতার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’ তবে পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়ে প্রক্টর আকতার হোসেনের কাছে তাঁর নিজের অবস্থান জানতে চাওয়া হলে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওই পদে ফিরে যাওয়ার আর কোনো ইচ্ছা আমার নেই।’এ প্রসঙ্গে সহকারী প্রক্টর শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য আমাদের অনুরোধ করেছেন। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। তাই আমরা আমাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেছি।’ উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা অস্ত্র মামলা প্রত্যাহার ও বহিষ্কৃত এক কর্মীকে পরীক্ষা দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় ওই দিনই প্রক্টর ও তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দেন।