তিন স্থানে আদিবাসী দিবসের অনুষ্ঠানে পুলিশের বাধা
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাট ও খাগড়াছড়িতে আয়োজিত একাধিক শোভাযাত্রা ও অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। জয়পুরহাটের শোভাযাত্রায় পুলিশ আদিবাসী এক নেতাকে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।এদিকে, খাগড়াছড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে আদিবাসীদের ভাড়া করা কয়েকটি গাড়ি জেলার পানছড়ি ও মহালছড়ি থানা পুলিশ আটকে দেয় বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রথম আলোকে বলেন, ‘১৫ বছর ধরে আদিবাসী দিবস পালন করছি। এর মধ্যে অনেক সরকার গেল। কখনোই আদিবাসীদের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়নি। এটা জাতিসংঘ ঘোষিত দিবস, যেখানে সরকারের রাষ্ট্রীয়ভাবে পালন করার কথা। কিন্তু আদিবাসীদেরও পালন করতে দিচ্ছে না। এটা আদিবাসীদের প্রতি সরকারের বৈরী মনোভাবেরই পরিচয়, যা অত্যন্ত দুঃখজনক।’আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:জয়পুরহাট: জেলা আদিবাসী পরিষদের সভাপতি আইনজীবী বাবুল রবিদাস ও সাধারণ সম্পাদক কমল মিনজি অভিযোগ করেন, পুলিশ তাঁদের শোভাযাত্রায় বাধা দিয়ে একজনকে পিটিয়ে জখম করে। আহত কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্র সিংকে জেলা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসীদের অনুষ্ঠান পুলিশি বাধার কারণে হয়নি।আদিবাসীরা সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ মিলনায়তনের পাশ থেকে শোভাযাত্রা বের করলে পুলিশ জয়পুরহাট সদর রাস্তার আমতলী এলাকার ইমু বেসরকারি ক্লিনিকের কাছে তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আদিবাসীদের ধস্তাধস্তি হয়। পুলিশ ধাওয়া করে শোভাযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের রাইফেলের বাঁটের আঘাতে হরেন্দ্র সিং আহত হন। আদিবাসী নেতাদের দাবি, তাঁদের ছয়-সাতজন পুলিশের পিটুনিতে আহত হয়েছেন।শহরের কোথাও অনুষ্ঠান করতে না দিলে তাঁরা খঞ্জনপুর মিশন মাঠে অনুষ্ঠান করেন। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস। বক্তৃতা করেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক কমল মিনজি, শ্যামা চরণ সিং, নিপুণ কুর্মি, রবিন সিং, বাসন্তি মুর্মু, হরি পাহান, ম. নূরুন নবী প্রমুখ।হরেন্দ্র সিং অভিযোগ করেন, পুলিশ তাঁকে মারধর করে তাদের গাড়িতে জোর করে তুলে নেয় এবং ২০-২৫ মিনিট পর ছেড়ে দেয়।জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন লাঠিপেটার অভিযোগ মিথ্যা, বানোয়াট দাবি করে বলেন, পুলিশ আদিবাসীদের শোভাযাত্রায় বাধা দিয়েছে। কাউকে মারধর করেনি। ঈদের সময় প্রচণ্ড ভিড়ের কারণে শহরের রাস্তায় শোভাযাত্রা বের করতে দেওয়া হয়নি।খাগড়াছড়ি: সকাল ১০টায় প্রগতিশীল মারমা ছাত্র সমাজ (প্রমাসাস) খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি থেকে একটি মিছিল নিয়ে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের দিকে আসতে থাকে। মহিলা কলেজের ফটকের পঞ্চাশ গজ দূরে পুলিশ মিছিলকারীদের থামিয়ে দেয়। পরে কলেজের ফটকের সামনে মানববন্ধন করে প্রমাসাস। এ সময় বক্তৃতা করেন প্রমাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক সাথোয়াই মারমা, জেলা আহ্বায়ক অংশিপ্রু মারমা, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি উক্যচিং মারমা, মংসাই মারমা প্রমুখ। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও সংবিধান থেকে বাঙালি জাতীয়তা প্রত্যাহারের দাবি জানান। পরে প্রমাসাস এক বিবৃতিতে শোভাযাত্রায় পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অপরদিকে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আদিবাসী ফোরাম ও মারমা ঐক্য পরিষদ একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি মহিলা কলেজের ফটকে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে আদিবাসীরা দুই শ গজ দূরে রাজ্যমুনি পাড়ার পুরোনো রামগড় সড়ক মোড়ে এসে সমাবেশ করেন। এতে বক্তৃতা করেন সাধন ত্রিপুরা, পজ্ঞাবীর চাকমা, নমিতা চাকমা, ব্রজ কিশোর রোয়াজা, কংচারী মাস্টার ও চাইথোয়াই মারমা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্ত আছে, কোনো মিছিল বাজারের দিকে যেতে পারবে না।’ জনসংহতি সমিতি (এমএন-লারমা) মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক তনুজ চাকমা অভিযোগ করেন, খাগড়াছড়ির অনুষ্ঠানে যোগদানের জন্য ভাড়া করা চাঁদের গাড়িগুলো পুলিশ গতকাল ভোরে আটক করে থানায় নিয়ে যায়। এর প্রতিবাদে জেএসএস মহালছড়ি উপজেলায় সড়ক অবরোধের ডাক দেয়। পরে যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন। পানছড়ি (খাগড়াছড়ি): এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন-লারমা) পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপন চাকমা অভিযোগ করেন, বুধবার তাঁরা ১৩টি জিপ (চান্দের গাড়ি) ও দুটি বাস ভাড়া করেন। পানছড়ি থানার পুলিশ তাঁদের ভাড়া করা গাড়িগুলোর কাগজপত্র দেখার নামে গতকাল ভোর ছয়টার দিকে জব্দ করে থানায় নিয়ে যায়। তাঁদের প্রতিবাদের মুখে সকাল নয়টার দিকে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।পানছড়ি থানার ওসি মো. আলমগীর বলেন, কাগজপত্র না থাকায় ছয়-সাতটি গাড়ি জব্দ করা হয়। পরে চালকেরা বাড়ি থেকে এনে কাগজপত্র দেখালে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।