তিন হজ এজেন্সির লাইসেন্স বাতিল, ১৩টির স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটির লাইসেন্স বাতিল, ১৩টির স্থগিত করাসহ ৪৭টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। এর মধ্যে ২৬টি এজেন্সির জামানতের টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। বাকিদের সতর্ক করে নোটিশ দেওয়া হবে। গত বছর হজ শেষে হাজিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ ও অভিযুক্ত এজেন্সির কার্যক্রম তদন্তের পর ধর্ম মন্ত্রণালয় এ ব্যবস্থা নিতে যাচ্ছে। আজ বুধবার এজেন্সিগুলোকে চিঠি দিয়ে শাস্তির বিষয় অবহিত করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাজিদের অভিযোগ তদন্ত করে ৫০টির মতো এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে অন্যরা সতর্ক হবে। প্রতিমন্ত্রী বলেন, যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে ও শাস্তি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে হজযাত্রীদেরও সতর্ক থাকতে হবে। ২০০৯ সালে ২৫০টি হজ এজেন্সির মধ্যে ৬৭টি বেসরকারি এজেন্সির বিরুদ্ধে দেশে এবং সৌদি আরবের মক্কা ও মদিনায় হজযাত্রীদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়া যায়। মন্ত্রণালয় তিনটি পৃথক কমিটি গঠন করে এসব অভিযোগ তদন্ত করে। তিন তদন্ত কমিটির প্রতিবেদনের পর অভিযুক্ত এজেন্সিগুলোকে নোটিশ দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বক্তব্য জানান। এরপর সব পর্যালোচনা করে ৪৭টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৩টি এজেন্সিকে অব্যাহতি দেওয়া হয়। হাজিদের অভিযোগ: হাজিকে না জানিয়ে তাঁর বা তাঁদের ব্যবস্থাপনার দায়িত্ব অন্য এজেন্সিকে দেওয়া, হাজিদের যথোপযুক্ত স্থানে না রাখা, হাজিদের বিমানবন্দরে রেখে সটকে পড়া, এজেন্সি বাড়ি ভাড়ার টাকা পরিশোধ না করায় বিড়ম্বনায় পড়া, আবাসনের অব্যবস্থাপনা, পাসপোর্ট করতে নির্ধারিত ফির পাঁচগুণ টাকা নেওয়া, খাবারের মান নিম্ন ও ঠিকমতো খাবার না দেওয়া, চুক্তিপত্র না দেখাতে পারা, হাজিদের যেখানে রাখা হয়েছে সেখানকার বাথরুমে পানি না থাকা, ৪৫ দিনের প্যাকেজ ২৮ দিনে শেষ করা, মদিনায় নামাজ পড়তে না দেওয়া, হাবের সদস্য হয়েও চুক্তি ভাঙা এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক দলের সঙ্গে হজ এজেন্সির যোগাযোগ রক্ষা না করা ছিল অন্যতম অভিযোগ। তিন এজেন্সির লাইসেন্স বাতিল: গুরুতর অনিয়ম ও অভিযোগ প্রমাণিত হওয়ায় বেঙ্গল এয়ার সার্ভিসেস, আলজিয়া এয়ার ইন্টারন্যাশনাল ও আকবর ইন্টারন্যাশনাল এজেন্সির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের বিরুদ্ধে হাজিদের অন্য এজেন্সির কাছে হস্তান্তর, বাসস্থানের ব্যবস্থা না করে হাজিদের রাস্তায় বসিয়ে রাখা, বাসায় পানি না থাকা, অপর্যাপ্ত বাথরুম, নিম্নমানের খাবার দেওয়াসহ পৃথক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। জানতে চাইলে বেঙ্গল এয়ার সার্ভিসের মালিক মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, ‘ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে টেলিফোন করা হয়েছে এবং আজ বুধবার দেখা করতে বলা হয়েছে। এখনো লাইসেন্স বাতিলের বিষয়ে কিছু জানি না।’লাইসেন্স স্থগিত: মেসার্স এয়ার ইন্টারন্যাশনাল, কেরানীগঞ্জ ট্রাভেলস, কিবলা ট্রাভেলস, আদিল ওভারসিজের দুটি প্রতিষ্ঠান, মাসুদ এভিয়েশন, আলহাজ ট্রাভেলস ট্রেড, সিটি ওভারসিজ, মেসার্স এস এইচ ট্রাভেলস, আল আরাফাহ ওভারসিস, চট্টগ্রাম ট্রাভেলস ইন্টারন্যাশনাল, কলম্বিয়া এজেন্সি, নাসের এভিয়েশনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় লাইসেন্স স্থগিত করা হয়। অপরাধের গুরুত্ব অনুযায়ী এক থেকে পাঁচ বছর এই লাইসেন্স স্থগিত করা হয়। জামানত বাজেয়াপ্ত: অভিযুক্ত হজ এজেন্সিদের জামানতের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। জামানত বাজেয়াপ্তদের মধ্যে আছে আল তাওয়াফ, মাসুদ ট্রাভেলস, গালফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, অ্যাসুরেন্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সাকিব এভিয়েশন, আরআর ট্রাভেলস লিমিটেড, আইকো ইন্টারন্যাশনাল, মেসার্স রফিক ট্রাভেলস, আদদ্বীন ইন্টারন্যাশনাল, মজুমদার এভিয়েশন, জাবেদ এয়ার ইন্টারন্যাশনাল, বন্ধু এয়ার ইন্টারন্যাশনাল, প্যাসেফিক ওভারসিজ, গোল্ডেন টাচ ট্যুরস, হান্না ট্রাভেলস, শরিফ এয়ার সার্ভিস, ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড, জমজম ইন্টারন্যাশনাল, ফাস্ট বাংলাদেশ ট্রাভেলস, বদরপুর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স সাদেক ট্রাভেলস, আলফাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এয়ার মেটকো ইন্টারন্যাশনাল, সিনসিয়ার ট্রেড, মেসার্স নিউ এমাম ওভারসিস, আল নূর ইন্টারন্যাশনাল। সতর্কের নোটিশ: শাহেনা ট্যুরস, আল মুলতাজিম, শাহীন ট্রাভেলস ইন্টারন্যাশনালকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। গত বছর হজযাত্রীর মোট সংখ্যা ছিল ৫৮ হাজার ৪৮৯ জন। এ বছর ৭৫ হাজার জনকে হজে পাঠানো হবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঠানো হবে ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার।