তিন হত্যার তদন্ত শেষ হয় না
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত দুই বছরে তিন ছাত্র হত্যার কোনোটিরই তদন্ত শেষ হয়নি এখনো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব ঘটনায় অভিযুক্তদের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।অবশ্য উপাচার্য এম আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ফারুক হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সিন্ডিকেটের আগামী সভায় চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।এই তিনটি হত্যার মধ্যে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুই সংগঠনের দুজন এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষে একজন নিহত হন। এর মধ্যে প্রথম খুনের পর দুই বছর পেরিয়ে গেছে। আর সর্বশেষ ঘটনার পরও বছর পার হতে চলেছে। হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা তো দূরের কথা, তদন্তই শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ফারুক হত্যার তদন্তে গাফিলতি, তিনজনকে কারণ দর্শানোর নোটিশ: বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওঠাকে কেন্দ্র করে গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। ছাত্রলীগের অভিযোগ, তাদের ওপর ছাত্রশিবির অতর্কিতে হামলা চালায়। এতে ছাত্রলীগের কর্মী গণিত বিভাগের ছাত্র ফারুক হোসেন নিহত হন। পরদিন সকালে একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয় ফারুকের লাশ।এ ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার তখনকার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে ছাত্রশিবিরের ৩৫ জন নেতা-কর্মীকে আসামি করে মতিহার থানায় মামলা করেন।মতিহার থানার পুলিশ জানায়, এই মামলায় এখন পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এজাহারভুক্ত আসামি আছেন পাঁচজন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজন র্যাবের ক্রসফায়ারে নিহত এবং চারজন পলাতক রয়েছেন। বাকি ২৫ জন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকেও ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।ফারুক হত্যার পর এক বছরের বেশি সময় পার হয়েছে, কিন্তু তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তদন্তে গাফিলতির অভিযোগে তিনবার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। হত্যার এক বছর পূর্তিতে গত ৮ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে দায়িত্বশীল তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাঁরা হলেন রাজশাহী পুলিশের উপকমিশনার (পূর্ব) প্রলয় কান্তি সরকার, সহকারী পুলিশ কমিশনার এম শাখাওয়াত হোসেন এবং মামলার তখনকার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা।মামলাটি এখন তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক তোফাজ্জল হোসেন খান। তিনি প্রথম আলোকে বলেন, মামলাটি অত্যন্ত জটিল। দ্রুত তদন্ত শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ফারুক হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবীর জানান, কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্তে কাদের অভিযুক্ত করা হয়েছে, সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।বিচার নিয়ে হতাশ নাসিমের বাবা: গত বছরের ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হলে খাবারের টোকেন বিতরণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ বাধে। এর একপর্যায়ে ছাত্রলীগের এক পক্ষ অপর পক্ষের কর্মী ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাসরুল্লাহ নাসিমকে মারধর করে হলের দোতলা থেকে নিচে ফেলে দেয়। মারাত্মক আহত নাসিম নয় দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।এ ঘটনায় এসএম হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী আজম আলী বাদী হয়ে ছাত্রলীগের নয়জন কর্মীর বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।এ ঘটনার পর ছাত্রলীগের ছয় কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাময়িকভাবে বহিষ্কৃত শাহ্ মখদুম (এসএম) হলের আবাসিক ছাত্র জহুরুল ইসলাম, লুৎফর রহমান, জাহিদুল ইসলাম, তৌফিকুল ইসলাম, রুহুল আমিন ও মশিউর রহমান এখন নিয়মিত পরীক্ষায় অংশ নিচ্ছেন। এমনকি মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে নাসিমের বাবা মোসলেম উদ্দিন অভিযোগ করেন।অবশ্য উপাচার্য এম আবদুস সোবহান বলেন, নাসিম হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পর্ষদ ও সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে হত্যা মামলাটির তদন্তের ধীরগতি দেখে হতাশ নাসিমের বাবা মোসলেম উদ্দিন। তিনি ছেলে হত্যার বিচার পাবেন কি না, তা নিয়েও সন্দিহান।মামলাটির তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলার বাদী, সাক্ষী ও আসামিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তথ্য-প্রমাণ সংগ্রহে কিছুটা সময় লাগছে।থেমে আছে নোমানী হত্যার তদন্ত: ২০০৯ সালের ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, ছাত্রশিবির ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নিহত হন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী। এ ঘটনায় শিবিরের নেতা ফরহাদ আলম বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। মামলার এজাহারে আসামি হিসেবে ছাত্রলীগের ২৭ জন কর্মীর নাম উল্লেখ করা হয়।এই মামলার তদন্ত কার্যত থেমে আছে। অবশ্য তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা দাবি করেন, তদন্ত চলছে। তবে কবে নাগাদ শেষ হবে, সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তিনি।নিহত নোমানীর বাবা হাবিবুল্লাহ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সরকার আমলে এটি প্রথম হত্যাকাণ্ড। এই হত্যার সঠিক বিচার হলে পরের হত্যাকাণ্ডগুলো ঘটত না।