তিন হাজার আসামির সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে ছয় হাজার ৪৫ জন আসামির মধ্যে তিন হাজার আসামির সাজা হয়েছে। এঁদের সবার চার মাস থেকে সাত বছরের সাজা হয়েছে। আরও প্রায় তিন হাজার আসামির বিরুদ্ধে বিচার চলছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগামী তিন মাসের মধ্যেই এসব বিচার শেষ হয়ে যাবে।বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দুইভাবে বিচার হচ্ছে। একটি হলো বাহিনীর নিজস্ব আইনে, আরেকটি ফৌজদারি আইনে। বাহিনীর নিজস্ব আইনে বিচারের মধ্যে মোট ৫৭টি মামলা হয়। এর মধ্যে ১১টি মামলা ঢাকায় আর ৪৬টি ঢাকার বাইরে। ঢাকার বাইরে সব মামলার বিচার শেষ হয়েছে। এই ৪৬টি মামলায় অভিযুক্ত হলেন এক হাজার ৯৫২ জন, ঢাকায় অভিযুক্ত চার হাজার ৯৩। এ পর্যন্ত ৫১টি মামলার বিচার শেষ হয়েছে। এসব মামলার তিন হাজার ১১৩ জন আসামির মধ্যে তিন হাজার ৩৬ জনের সাজা হয়েছে। খালাস পেয়েছেন ৭৭ জন। বিজিবি সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের পর বাহিনীর নিজস্ব আইনে বিদ্রোহের বিচারের জন্য ২০০৯ সালের ১৫ নভেম্বর ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। তবে আদালতের তুলনায় আসামির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ছয়টি আদালত ভেঙে ১০টি আদালত করা হয়। এর মধ্যে পিলখানায় স্থাপন করা হয় দুটি এবং ঢাকার বাইরে আদালত বসানো হয় আটটি। ঢাকাসহ সারা দেশের আদালতে ৫৭টি ইউনিটের বিচার শুরু হয়। প্রথম রায় ঘোষণা করা হয় ২০১০ সালের ২৪ নভেম্বর রাঙামাটির রাজনগরে। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর ঢাকায় বিদ্রোহের রায় ঘোষণা করা হয়।ঢাকায় পিলখানার দুটি আদালতে মামলা আছে ১১টি। এসব মামলার মধ্যে সদর দপ্তরের মামলা ছয়টি, ঢাকা সেক্টরে রয়েছে পাঁচটি। ঢাকায় ১১টি মামলায় আসামির সংখ্যা চার হাজার ৯৩ জন। সবচেয়ে বেশি আসামি সদর রাইফেল ব্যাটালিয়নে। এতে ৭৩৫ জনকে অভিযুক্ত করা হয়। ঢাকায় ১১টি মামলার মধ্যে পাঁচটির বিচার শেষ হয়েছে। ছয়টি মামলা বিচারাধীন। বিচারাধীন মামলায় আসামি আছেন দুই হাজার ৯৩২ জন। বাংলাদেশ রাইফেলস বিধি ১৯৭২ অনুযায়ী এসব বিদ্রোহের বিচার হচ্ছে। বিডিআরের নিজস্ব আইনে বিচারে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানার বিধান রয়েছে।