তিন হাজার কোটি টাকার স্বীকৃত বিলের ফাঁদে ব্যাংক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলোর মাধ্যমে শিল্পের কাঁচামাল কেনাবেচা করতে ঋণপত্র খোলেন ব্যবসায়ীরা। এঁদেরই একদল সরবরাহকারীকে মূল্য পরিশোধে ব্যাংকের মাধ্যমে স্বীকৃত বিল দিলেও অর্থ দেয়নি। আবার কিছু ভুয়া বা জাল স্বীকৃতি বিলও রয়েছে। এতে ফেঁসে গেছে দেশের ব্যাংক খাত। আটকে পড়েছে তিন হাজার কোটি টাকা। বৈদেশিক বা স্থানীয় মুদ্রায় এই ঋণপত্রগুলো খোলা হয়েছিল। কিন্তু পরিশোধ না হওয়ায় মেয়াদোত্তীর্ণ হয়েছে।ব্যাপারটা এমনভাবে ঘটেছে—যেমন হলমার্ক গ্রুপ সুতা কিনতে সোনালী ব্যাংকের শেরাটন (রূপসী বাংলা) শাখা থেকে ঋণপত্র (এলসি বা লেটার অব ক্রেডিট) দিয়েছে। বিক্রেতা প্রতিষ্ঠান আনোয়ারা স্পিনিং মিল। আনোয়ারা স্পিনিং মিলের ব্যাংক হচ্ছে জনতা ব্যাংকের স্থানীয় কার্যালয়। জনতার এই শাখার মাধ্যমে আনোয়ারা সুতার মূল্য নির্ধারণ করে পাঠালে হলমার্ক তা সোনালী ব্যাংকের শেরাটন শাখার মাধ্যমে নিশ্চয়তা দিয়েছে মূল্য পরিশোধে। এই নিশ্চয়তা পাওয়ার পর এই স্বীকৃত বিল জমা রেখে জনতা ব্যাংক ৮০ থেকে ৯০ ভাগ মূল্য দিয়ে দিয়েছে আনোয়ারাকে। এখন সোনালী ব্যাংক জনতা ব্যাংকের এই মূল্য পরিশোধ করছে না। এদিকে আনোয়ারা স্পিনিং মিল আসলে হলমার্কেরই সৃষ্টি ভুয়া প্রতিষ্ঠান।তবে এই তিন হাজার কোটি টাকার স্বীকৃত বিল পুরো হলমার্কের একার নয়। আরও বেশ কিছু ব্যবসায়িক স্বীকৃত বিলের ফাঁদে আটকা পড়েছে গোটা ব্যাংক খাত। আবার কিছু ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানও আছে। ব্যাংকগুলোর এই বিরোধ গড়িয়েছিল বাংলাদেশ ব্যাংকে।বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার দেশের সব তফসিল ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে এক বৈঠকে জানিয়ে দিয়েছে, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বীকৃত বিলের নিষ্পত্তি করে না। বাংলাদেশ ব্যাংক বরং বিরোধ নিষ্পত্তির জন্য ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা বিনিময়-সংক্রান্ত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনকে (বাফেদা) দায়িত্ব দিয়ে সময় বেঁধে দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এবিবি ও বাফেদা বসে এই স্বীকৃত বিলের মূল্য পরিশোধ নিশ্চিত করবে। আর বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে কোনো বিলম্ব না করেই মূল্য পরিশোধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।তবে ব্যাংক সূত্রগুলো বলছে, এত সহজে এই অপরিশোধিত মূল্য পরিশোধ হবে না। ক্ষেত্রবিশেষে এই বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে।এদিকে সোনালী ব্যাংক গতকালের ব্যাংকার্স বৈঠকে তাদের আর্থিক দৈন্যদশার কথা বলে এখনই তাদের পক্ষে স্বীকৃত বিলের মূল্য পরিশোধ সম্ভব নয় বলে জানিয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকগুলো সোনালী ব্যাংককে কিছু সময় দিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। সোনালী ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংকের স্বীকৃত বিলের মেয়াদোত্তীর্ণ পাওনা দাঁড়িয়েছে জুন ২০১২ হিসাবে ৭২৭ কোটি টাকা।উল্লেখ্য, হলমার্ক কেলেঙ্কারিসহ আরও কয়েকটি ব্যবসায়ী গ্রুপ সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকেই সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ স্থানীয় এলসির স্বীকৃতি বিল দিয়ে হাতিয়ে নিয়েছে। সোনালী ব্যাংক এসব অর্থের বড় অংশ অন্য ব্যাংককে পরিশোধ করলেও কিছু পরিশোধ করতে পারেনি। তার সঙ্গে অন্য শাখার স্বীকৃত বিল নিয়ে এখন তার পরিশোধ না হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৭ কোটি টাকা (মেয়াদোত্তীর্ণ)। বকেয়া বিলের পরিমাণ আরও বেশি।সূত্র জানায়, গতকালের বৈঠকে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে হলমার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনাটি থেকে শিক্ষা নিতে ব্যাংকগুলোর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রতারণা ও জালিয়াতিমূলক ঘটনা প্রতিরোধে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনার মধ্যে সতর্কতা ও সচেতনতা লক্ষ করা না গেলে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নেবে।জানা যায়, সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির স্বীকৃত বিলের সঙ্গে ২৬টি ব্যাংক জড়িয়ে আছে। এসব ব্যাংকের শীর্ষ নির্বাহীরা গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যাংক সূত্রগুলো জানায়, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার স্বীকৃতি অর্থাৎ পরিশোধ নিশ্চয়তা থাকায় তারা বিলগুলো কিনেছিলেন। নিয়ম অনুযায়ী, সোনালী ব্যাংক চূড়ান্ত পর্যায়ে হলমার্কের স্থানীয় আমদানি দায় পরিশোধ করবে। হলমার্ক প্রকৃত অর্থে আমদানি না করলেও ওই ২৬ ব্যাংকের বিভিন্ন শাখা পণ্য সরবরাহকারীর কাছ থেকে বিল কেনা বাবদ অর্থ পরিশোধ করেছে। সূত্র জানায়, বৈঠকে বারবারই হলমার্ক কেলেঙ্কারির বিষয়টি উদাহরণ হিসেবে উঠে আসে। গভর্নরের লিখিত বক্তব্যেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, কয়েকটি ব্যাংকে কোম্পানির সুশাসন ও ঋণ ব্যবস্থাপনার দুর্বলতার সুযোগে ঋণ মঞ্জুরির বিধিব্যবস্থার গুরুতর অবহেলা ও লঙ্ঘন দ্বারা বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনা ব্যাংকিং খাতের সামগ্রিক সন্তোষজনক চিত্রটির ওপর কিছুটা হলেও কালো ছায়া ফেলেছে। তিনি আরও বলেন, প্রতারণামূলকভাবে ঋণ জোগানের সাম্প্রতিক উদ্ঘাটিত এ ঘটনায় জড়িত অঙ্কটি বড় হলেও সোনালী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বিপন্ন হওয়ার আশঙ্কা নেই। বৈঠকে ব্যাংকের সুদের হার, খেলাপি ঋণ পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, এলসির বিপরীতে ত্রুটিযুক্ত বৈদেশিক ও স্থানীয় মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিল পরিশোধ করা হচ্ছে না। এসব বিল আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত এ সময়ের মধ্যে যাতে বিল পরিশোধ হয়, সে জন্য এমডিদের সংগঠন এবিবি ও ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) ওপর সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরও যদি ব্যাংকগুলো এ নির্দেশ না মানে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবিবির চেয়ারম্যান নূরুল আমিন সাংবাদিকদের বলেন, সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে যে টাকা তুলে নেওয়া হয়েছে, সে বিষয়ে বাজারে নানা রকম গুঞ্জন থাকলেও আজকের সভায় মাধ্যমে তা দূর হয়েছে। এখন অন্যান্য বিষয়ের চেয়ে টাকা আদায়ের বিষয়ে নজর দেওয়া উচিত এবং ব্যাংকার হিসেবে তাঁরা সেদিকেই নজর দিচ্ছেন।বিএবি-এবিবির সঙ্গে বৈঠক: ব্যাংকার্স সভার আগে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এবিবির সঙ্গে বৈঠক করেন গভর্নর। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণ, প্রভিশনিং ও পুনঃ তফসিল করা-সম্পর্কিত নির্দেশনা দিয়েছে, যা চলতি সেপ্টেম্বর প্রান্তিক থেকে বাস্তবায়ন হওয়ার কথা। ব্যাংক-সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ব্যাসেল কমিটির ব্যাসেল-২-এর সুপারিশ অনুসারে এগুলো বাংলাদেশে বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে। বিএবি-এবিবি নেতারা দাবি তোলেন, আগামী ২০১৪ সাল থেকে এর বাস্তবায়ন করতে হবে। সোনালী ব্যাংকের ব্রিফিং: ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী সপ্তাহে মামলা করার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত এ কথা জানান।এমডি বলেন, ‘শুধু মামলা করলেই টাকা আদায় হয় না। আমরা টাকা আদায় এবং অপরাধীদের শাস্তি—দুটিই নিশ্চিত করতে চাই। এ জন্য আঁটসাঁট বেঁধে মামলার প্রস্তুতি চলছে। সেটি শেষ হলে আগামী সপ্তাহে মামলা করা হতে পারে।’ তিনি বলেন, আইনি দিকগুলো ভালোভাবে দেখতে ব্যাংকের নিয়মিত আইনজীবীদের পাশাপাশি বাইরের দুজন বিজ্ঞ আইনজীবীর মতামত চাওয়া হয়েছে। তাঁদের মতামত পেয়ে নিয়ন্ত্রক সংস্থা থেকে পরামর্শ নিয়ে মামলা করা হবে।প্রদীপ কুমার বলেন, ‘একটা মামলা করে দিলাম আর আইনের ফাঁকফোকরে অপরাধীরা পার পেয়ে গেল, সেটি হতে দেওয়া হবে না। এ কারণে সময় নিয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, হলর্মাকের কাছ থেকে ৫০ শতাংশ টাকা ফেরত আনার ১৫ দিনের সময়সীমা চলতি মাসের ১৮ তারিখে শেষ হবে। এখন পর্যন্ত হলমার্ক চিঠির জবাব দেয়নি।