তিন হাজার পাসপোর্ট চুরির প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) তিন হাজারের বেশি পাসপোর্ট চুরির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এর মধ্যে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে ৫০টি। গত ১৪ আগস্ট কমিটি এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়।প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ-জেভির স্থানীয় প্রতিনিধির ১১ কর্মী জড়িত থাকতে পারেন। এ ছাড়া বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের একজন উপপরিচালক এবং যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পের একজন সহকারী প্রকল্প পরিচালকের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, অবহেলার ঘটনায় একজন সেনা কর্মকর্তাসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালু হওয়ার পর বিভিন্ন সময় আগারগাঁওয়ের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে বেশ কিছু পাসপোর্ট বই চুরি হয়ে যায়। কিছুদিন আগে অভিবাসন পুলিশের হাতে কয়েকটি জাল এমআরপি ধরা পড়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। একপর্যায়ে অধিদপ্তরের কর্মকর্তারা পাসপোর্ট চুরি হওয়ার কথা স্বীকার করেন। পরে চুরি হওয়াসহ এক লাখ পাসপোর্ট বাতিল করে পুলিশের বিশেষ শাখাকে চিঠি দেওয়া হয়।পাসপোর্ট চুরির ঘটনা অনুসন্ধানে গত ২১ জুন প্রথমে লে. কর্নেল আবু নাছির ভূঞাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। পরে কয়েক দফায় কমিটি রদবদল হয়। সবশেষে সাত সদস্যের কমিটি এ ঘটনা তদন্ত করে। কত পাসপোর্ট খোয়া গেছে, কীভাবে খোয়া গেছে, কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার সুপারিশ করে কমিটি।নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, এ ঘটনা তদন্ত করতে গিয়ে তাঁরা দেখতে পান, পাসপোর্ট অধিদপ্তরের কাজে কোনো সমন্বয় নেই। সবাই যার যার মতো কাজ করছেন। প্রকল্পের কর্মকর্তারা ব্যস্ত থাকেন পাসপোর্টের জন্য তদবির করা প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে।জানা যায়, প্রকল্পের মাধ্যমে ৫৭টি দূতাবাস থেকে এই ব্যবস্থায় পাসপোর্ট সরবরাহ করার কথা। কিন্তু এখন পর্যন্ত ৩০টি দূতাবাসে এ ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে। আবার এমআরপি পরীক্ষার জন্য বেনাপোল ও তিনটি বিমানবন্দর ছাড়া আর কোথাও কোনো যন্ত্র স্থাপন করা সম্ভব হয়নি। ৭০টি পুলিশ ইউনিট ও ৬০০ থানাকে এ ব্যবস্থার আওতায় আনার কথা থাকলেও এখন পর্যন্ত কিছুই করা হয়নি।খোয়া যাওয়া পাসপোর্ট: তদন্ত শুরুর পর কমিটি জানতে পারে, ১৫ হাজার পাসপোর্ট খোয়া গেছে। পরে বিভিন্ন স্থানে অনুসন্ধান করে আরও কিছু পাসপোর্ট চুরির প্রমাণ পায় কমিটি। সর্বশেষ কমিটি তিন হাজার ৯৬টি পাসপোর্ট খোয়া যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়। এর মধ্যে দুই হাজার ৮২৩টি ফাঁকা ও ২৭৩টি তৈরি পাসপোর্ট ছিল। খোয়া যাওয়া পাসপোর্টের মধ্যে ৫০টি কূটনৈতিক, ১৮টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এবং বাকিগুলো সাধারণ পাসপোর্ট। কীভাবে খোয়া গেছে: কমিটির প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট তৈরির কক্ষে যেকোনো সময় যে কেউ ঢুকতে পারতেন। কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল না। প্রতিদিন রাত ১১টা পর্যন্ত পাসপোর্ট বই ছাপানোর কাজ চলত, কিন্তু এর কর্মকর্তারা বিকেল পাঁচটায় কার্যালয় ছেড়ে চলে যেতেন। বাকি সময় কারও নজরদারি থাকত না। কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, এ সুযোগে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য কেউ এসব পাসপোর্ট নিতে পারেন। এতে আরও বলা হয়, প্রতিদিন কত পাসপোর্ট, কীভাবে ব্যবহূত হচ্ছে এবং কে নিচ্ছে, তার কোনো হিসাব ছিল না। এসব হিসাব রাখার জন্য যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পে স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকার কথা ছিল। কিন্তু এ-সংক্রান্ত সফটওয়্যার শুরু থেকেই অকেজো রয়েছে। অথচ ঠিকাদার এই খাতের টাকা তুলে নিয়ে গেছেন। স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকার ফলে কত পাসপোর্ট ব্যবহূত হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানাও সম্ভব ছিল না। কারা দায়ী: কমিটির সুপারিশে পাসপোর্ট সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ-জেভির অংশীদার আই পিপলের ১১ কর্মীকে দায়ী করা হয়েছে। তাঁরা হলেন: সাবেক ব্যবস্থাপক মোশাররফ হোসেন, এস জেড আরেফিন, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সামিউল হক, কর্মকর্তা মিরাজুল ইসলাম, জাহিদ হাসান, শাহজাহান, ইকবাল হোসেন, আহম্মেদ আলী, মোহাম্মদ তিয়াস, দেওয়ান সাদেকুল ইসলাম ও আল আমিন। এ ছাড়া ঘটনার জন্য কমিটি সহকারী প্রকল্প পরিচালক মেজর শরিফুল ইসলাম এবং অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করেছে। তাঁদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।তবে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পাসপোর্ট চুরির ঘটনায় প্রকল্পের কেউ জড়িত থাকতে পারেন না। কমিটি কীভাবে কাজ করেছে, সেটা আমি জানি না।’ জানতে চাইলে আই পিপলের চেয়ারম্যান সৈয়দ আহসান হাবিব প্রথম আলোকে বলেন, এর আগে বিমানবন্দরে জাল পাসপোর্টসহ লোকজন ধরা পড়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলেই জড়িতদের নাম বেরিয়ে আসবে। কিন্তু তা না করে নিরীহ লোকদের বলির পাঁঠা বানানো হয়েছে।