তিন হৃদরোগ বিশেষজ্ঞের অলস সময় পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামোগত সুবিধা এবং কিছু যন্ত্রপাতির অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ হৃদরোগ বিভাগ চালু করা যাচ্ছে না। ফলে তিনজন হৃদরোগ বিশেষজ্ঞকে (শৈল্যচিকিৎসক) কার্যত হাসপাতালে অলস সময় কাটাতে হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের লোকজন হৃদরোগের চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে বর্তমানে এনজিওগ্রাম ছাড়া কোনো জটিল অস্ত্রোপচার করা যায় না। ফলে এ অঞ্চলের বেশির ভাগ রোগী ভারত, সিঙ্গাপুর, ব্যাংককসহ নানা দেশে ছুটছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে বছরে প্রায় পাঁচ হাজার হৃদরোগ-সংক্রান্ত জটিল অস্ত্রোপচার হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওপেন ও ক্লোজড হার্ট অপারেশন বিভাগ চালুর জন্য গত বছরের এপ্রিলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই বছরের ৪ আগস্ট মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত বিস্তারিত বিবরণ চাওয়ার পর কলেজ থেকে ফিরতি চিঠি পাঠানো হয়। তাতে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ সার্জন নাজমুল হোসেন এই প্রস্তাব তৈরি করেন। প্রস্তাবে কার্ডিয়াক বিভাগের যন্ত্রপাতি ও আনুষঙ্গিক খাতে চার কোটি টাকার বাজেট দেখানো হয়। এ ছাড়া একটি জনবলকাঠামো জমা দেওয়া হয়। এর মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে তিনজনকে এ হাসপাতালে বদলি করা হয়েছে। এ তিন কার্ডিয়াক সার্জন আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ছিলেন।প্রস্তাবনায় প্রয়োজনীয় জনবলের মধ্যে একজন রেজিস্ট্রার, দুজন সহকারী রেজিস্ট্রার ও একজন পারফিউশনিস্টের কথা বলা হয়েছে। এ ছাড়া অ্যানেসথেসিয়ার জন্য একজন অধ্যাপকসহ পাঁচ চিকিৎসক ও আট নার্সের চাহিদা দেওয়া হয়। কিন্তু এক বছর ধরে চিঠি চালাচালি চললেও কোনো অগ্রগতি নেই।চিকিত্সকেরা জানান, কার্ডিয়াক সার্জারি বিভাগ করার জন্য একটি ভবনের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। তাই অবকাঠামো না থাকাও কার্ডিয়াক সার্জারির জন্য বড় বাধা। হাসপাতালের উপপরিচালক সরোজ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘কার্ডিয়াক বিভাগের ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এই বিভাগ চালু করতে হলে যন্ত্রপাতি, চিকিত্সক ও নার্সের প্রয়োজন। মন্ত্রণালয়ে এ নিয়ে অনেক চিঠি চালাচালি হচ্ছে।’ সরোজ কুমার বলেন, ‘জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের তিন বিশেষজ্ঞ চিকিৎসক এখন আমাদের হাসপাতালে আছেন। বিভাগটি চালু হলে এই অঞ্চলের মানুষকে হৃদরোগ সার্জারির জন্য আর বাইরে দৌড়াতে হবে না।’জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে অবিলম্বে কার্ডিয়াক সার্জারি চালুর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি পর্যায়ে ১২টি হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্যাভ্যাসসহ নানা কারণে চট্টগ্রামে হৃদরোগ-সংক্রান্ত জটিল রোগীর সংখ্যা বেশি। কিন্তু এ অঞ্চলে সরকারি-বেসরকারি পর্যায়ে পূর্ণাঙ্গ কোনো হৃদরোগ বিভাগ নেই।সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ‘আমরা তিনজন বিশেষজ্ঞ সার্জন এখানে প্রায় এক বছর ধরে আছি। কিন্তু তেমন কোনো কাজ করতে পারছি না। তাই মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখানে পূর্ণাঙ্গ হৃদরোগ বিভাগ চালু হলে বছরে অন্তত এক হাজার রোগীর নানা অস্ত্রোপচার করা সম্ভব হবে।’