থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে আংশিক ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি হোপ’ থেকে আজ তিনজনকে জীবিত এবং দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজন হলেন জাহাজের ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান, জাহাজের দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেন ও ডেক ক্যাডেট ফাইরুজ। মুশফিকুর রহমানের বাড়ি ময়মনসিংহে।জাহাজটির মালিকপক্ষের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান (পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি) ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলো ডটকমকে জানান, আজ শুক্রবার দুপুরের দিকে তাঁদের উদ্ধার করা হয়।স্থানীয় সময় বেলা ১১টার দিকে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি দল হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের জানান, জাহাজটি থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা গেলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন। আজ তাঁদের মধ্যে থেকে তিনজনকে উদ্ধার করা হলো। গতকাল ছয়জনকে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে আরও আটজন আছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, প্রধান কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদ, প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, নাবিক নাসির উদ্দিন, আলী হোসেন ও প্রধান কুক নাসির উদ্দিন। জাহাজমালিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাইল্যান্ডের ফুকেত দ্বীপের কাছাকাছি সাগরে জাহাজটি কাত হয়ে যায়। এ সময় ক্যাপ্টেন জাহাজটি বিপজ্জনক মনে করে পরিত্যক্ত ঘোষণা করলে নাবিকেরা সাগরে ঝাঁপ দেন। এর মধ্যে পাঁচজন নাবিক লাইফবোটে উঠে সাগরে নেমে পড়েন। পরে কাছাকাছি থাকা এমভি বাক্সমুন নামের একটি কনটেইনারবাহী জাহাজে উঠে তাঁরা রক্ষা পান। আরেকজন নাবিককে সাগর থেকে জীবিত উদ্ধার করে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি হেলিকপ্টারে করে হাসপাতালে ভর্তি করেছে। বন্দর সূত্রে জানা গেছে, এমভি হোপ জাহাজটি মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে ছয় হাজার ৫৪৫ টন সিরামিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে’ নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসছিল। এটি আগামী সোমবার বন্দরের বহির্নোঙরে আসার কথা ছিল। প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটির মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রেডব্রিজ শিপিং লাইন লিমিটেড। জাহাজটি দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে জাহাজে বোঝাই করা কাদামাটির মতো পণ্য ‘বল ক্লে’ এক দিকে সরে যায়। এতে জাহাজটি কাত হয়ে পড়ে।