রাঙামাটিতে সংঘটিত ২২ সেপ্টেম্বরের সহিংস ঘটনায় তিনটি এজাহার দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি এজাহার পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেছে। এদিকে ওই ঘটনা তদন্তে গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে, তার কোনো কিনারা পাচ্ছে না। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, রাঙামাটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ানের ওপর হামলার ঘটনায় করা এজাহারটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। এটি দায়ের করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সদস্য ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ শেখর চাকমা। অন্য দুটি এজাহার দায়ের করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্ট ও দৈনিক পত্রিকা ‘মানবকণ্ঠ’-এর রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা এবং শহরের কালিন্দীপুরের বাসিন্দা শিমুল চাকমা। এ দুটি এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।রাঙামাটি সরকারি কলেজে দুই ছাত্রের হাতাহাতি থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়। মারামারির ঘটনা থেকে রাঙামাটি শহরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে এই সহিংস ঘটনার সূত্রপাত, তদন্ত কমিটি সেটি মেলাতে পারছে না।রাঙামাটি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির মেয়াদ আজ শেষ হচ্ছে। কিন্তু এখনো অনেকের সাক্ষ্য নেওয়া বাকি। বিশেষ করে গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ান এখনো সাক্ষ্য দেওয়ার মতো সুস্থ হয়ে ওঠেননি। তাই তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়াতে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান বলেন, কমিটির সদস্যরা মনে করছেন, সময় বাড়ানো দরকার। কারণ, আরও অনেক সাক্ষ্যপ্রমাণের প্রয়োজন রয়েছে। তিনি দুই ছাত্রের হাতাহাতির ঘটনাসহ সহিংসতার বিষয়ে কারও কোনো কিছু জানা থাকলে কমিটির কাছে তা উপস্থাপনের অনুরোধ করেন। অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মফিজ আহমদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বেশ কিছু ছাত্র, শিক্ষক ও কর্মচারীর সাক্ষ্য নিলেও কোন দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয়েছে, তা বের করতে পারেনি। অনেকে তাঁদের সাক্ষ্যে বলেছেন, দুই ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনাটি তাঁরা শুনেছেন। যোগাযোগ করা হলে উপাধ্যক্ষ মো. মফিজ আহমদ বলেন, ‘কোন দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয়েছে, তা জানতে পারলে আমাদের জানান। আমরা এখনো কারও নাম পাইনি।’ ৭ অক্টোবর পর্যন্ত এই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় রয়েছে বলে তিনি জানান।