হুয়ান রামোন হিমেনেথ (১৮৮১-১৯৫৮) স্পেনের খ্যাতিমান কবি। ১৯৫৬ সালে সাহিত্যে নোবেল পান। স্ত্রী সেনোবিয়া কামপ্রুবির সঙ্গে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের অনুবাদ তাঁর সমগ্র রচনার এক-তৃতীয়াংশ। স্প্যানিশ ভাষায়ও তাঁদের রবীন্দ্র-অনুবাদের সংখ্যা সর্বাধিক। রবীন্দ্ররচনার অনুবাদের প্রতিটি খণ্ডের জন্য ভূমিকা হিসেবে লিখতেন একটি করে কবিতা। সেসব ভূমিকা-কবিতা থেকে এখানে সংকলিত হলো তিনটি।ডাকঘর-এর ভূমিকামৃত অমলের প্রতি গানঘুমাও, সুধা তোমায় ভুলে যায়নি, আজ রাতে রাজা আসবে, অমল। শান্তিতে ঘুমাও। ঘুমাও, যখন জেগে উঠবে, তোমার হাতে দেখতে পাবে সুধার কুসুম, আর তোমার মুখে দেখতে পাবে রাজার মুখ। ঘুমাও।শান্তিতে ঘুমাও। গভীর ঘুমে ডুবে যাও...ঘুমাও চিরকালের জন্য। তার কালো প্রাসাদের খিলানে দেখবে ধ্রুবতারা।তোমার আত্মার প্রতি পুরোপুরি অবারিত তোমার ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ো। যে নক্ষত্র তোমাকে চেনে সে নিয়ে আসবে তোমাকে যখন আসবে রাজা। ঘুমাও...অমল, তুমি ফিরে আসবে তোমার চিরন্তন বাগান থেকে, কেননা সুধার ফুল তোমার দুহাতে তোমার জেগে ওঠার অপেক্ষায়...ঘুমাও...সন্ন্যাসীর ভূমিকাঅমর বাসন্তীর প্রতি গান কৃপাধন্যা তুমি, মানবীয় মূলে তুমি দিব্য বিজড়িত, ফিরে এলে মৃত্যুতে ছড়িয়ে দিয়ে শেকড়বাকড়, তোমার কণ্ঠস্বর বিভাময় মুমূর্ষু পাখিদের প্রতি!কৃপাধন্যা তুমি, ফিরিয়ে দিয়েছ তুমি বিশুদ্ধ সুবাস বিমর্ষ ফুলেদের কাছে! কৃপাধন্যা তুমি, ফিরিয়ে দিয়েছ ধীরে বয়ে যাওয়া নদীকে তার অবারিত কলতান!কৃপাধন্যা তুমি, ফিরিয়ে দিয়েছ ফ্যাকাশে উষাকে সুগোল শিশিরকণা!কৃপাধন্যা তুমি, ফিরিয়ে দিয়েছ বিমর্ষ বাতাসে সজীব ডানা!কৃপাধন্যা তুমি, ফিরিয়ে দিয়েছ সুকোমল মধু বিশুদ্ধ মৌচাকে!কৃপাধন্যা তুমি, ফিরিয়ে দিয়েছ ধূসর তারায় অফুরান বিভা।কৃপাধন্যা তুমি, ফিরিয়ে দিয়েছ ধ্বস্ত সূর্যে তামাম দৌলত।কৃপাধন্যা তুমি, অমৃতা বিজড়িতা, ফিরিয়ে দিয়েছ মৃত্যুবরণ করা রুদ্ধ ছায়াকে তার সাদা পথ, স্তব্ধ নিঃসঙ্গতাকে তার সজীব প্রতিধ্বনি, সুকঠিন নীরবতাকে সোনালি আমোদ, হূদয়ে ফিরিয়ে দিয়েছ সুমধুর প্রেম, শুভ প্রেম আর শাশ্ব্বত ভালোবাসা।রাজা ও রাণীর ভূমিকারাজা বিক্রমের প্রতিরাজা, কী অমোচনীয় লজ্জা নিয়ে তোমাকে দেখবে সুউচ্চ সিংহাসন থেকে, কর্তব্য পালন করে আর এখনো তোমাকে ভালোবাসে তোমার রাণী সুমিত্রা আর কাশ্মীরের রাজা! কী গভীর বেদনা নিয়ে তোমাকে দেখতে পাবে বিষণ্ন রাজ্যের জন্য লক্ষ্যহীন এক উন্মাদ কুকুরের মতো, একাকী রাজন, শুভ রাজ, মন্দ রাজ, ভাগ্যহত রাজা বিক্রম!আহা; তোমাকে সান্ত্বনা দিয়ে যদি তারা নেমে আসতে পারত! যদি মুহূর্তের মধ্যে আসতে পারত উড়ে অতি দ্রুত এই দূরত্ব পেরিয়ে যে দূরত্ব ফিরতি পথে হয়ে ওঠে সীমাহীন। যদি ওরা হারাতে পারত তোমার জন্য, তোমার আলোর জন্য, তোমার সমগ্রতার জন্য, তোমার উলঙ্গ আর ক্ষুধিত প্রজার জন্য তাদের সামান্য মসনদ।রাজা বিক্রম; মন্দ রাজ, শুভ রাজ, হতভাগ্য রাজা; কাশ্মীরের হতভাগ্য রাজা ও রাণী বিষণ্ন আয়তলোচনা হতভাগ্য ইলা আর ভাগ্যহত অনুচর; ভাগ্যবিড়ম্বিত রাজার প্রজারা ভাগ্যহত সব জীবনের বিষাক্ত অভিশাপ, সহাস্যে যে-অভিশাপ মানুষের রক্তের ভেতরে ঢুকে যায়, সৃষ্টি যে করে অর্থহীন বেদনা প্রতিদিন বিস্মিত জগতের প্রাণ। স্প্যানিশ থেকে অনুবাদ: রাজু আলাউদ্দিন