তিনটি কাজের তদারকি পরামর্শক হচ্ছে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের তিনটি কাজের তদারকি পরামর্শক হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। গতকাল মঙ্গলবার সেতু ভবনে এ বিষয়ে সেনাবাহিনী ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হয়েছে।বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র জানিয়েছে, সেনাবাহিনীকে পদ্মা সেতুর নির্মাণকাজে সম্পৃক্ত করার বিষয়ে সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের (এসডব্লিউও) দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। গতকালের বৈঠক ছিল এরই চূড়ান্ত পর্যায়। গতকাল তদারকি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে নিয়োগের প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীকে আজ বুধবারের মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। এ মাসের মধ্যেই সেনাবাহিনী তাদের মতামত জানাবে। তিনি বলেন, সরকার এই প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। এ জন্যই সেনাবাহিনীকে পদ্মা সেতুর তদারকি পরামর্শক ও নিরাপত্তার কাজ দেওয়া হচ্ছে।সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাওয়াসহ জাজিরা প্রান্তে পদ্মা সেতুর জন্য দুটি সংযোগ সড়ক ও নির্মাণ অবকাঠামো (সার্ভিস এলাকা) নির্মাণ—এই তিন কাজে সেনাবাহিনীকে তদারকি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে। সেনাবাহিনী দেশি এবং প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের নিয়োগ দিয়ে এই কাজ সম্পন্ন করবে। সূত্র জানায়, দরপত্র আহ্বান করে পরামর্শক নিয়োগ করতে গেলে সময় বেশি লেগে যাবে। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজ দ্রুত করা যাবে বলে তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তও নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর বিভিন্ন অংশের নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ-প্রক্রিয়া শুরু করা হয়।