লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় নয়টি ভোটকেন্দ্রের মধ্যে গতকাল তিনটিতে ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোটারদের হাত থেকে ব্যালট পেপার নিয়ে সিল মারার অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থী এ বি এম জিলানী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল হায়দার বাবুল পাঠানের সমর্থকেরা হামলা চালান। তাঁরা বিদ্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন। এ কারণে দুপুর দুইটার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ১ নম্বর ওয়ার্ডের সায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থীকে লাঞ্ছিত করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইসমাইল খোকনের কর্মীরা। এ সময় কয়েকজন কেন্দ্রে ঢুকে কাউন্সিলর প্রার্থীর ১৫০টি ও মেয়র প্রার্থীর আটটি ব্যালট পেপার ছিনিয়ে নেয়।ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছিনতাই হওয়া ব্যালট পেপারগুলো বাতিল করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি।’ ৫ নম্বর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগের দুজন নেতা ব্যালট পেপার ছিনতাই করেন। প্রিসাইডিং কর্মকর্তা এস এম জুবায়ের জানান, ছিনতাই করা ৯১টি ব্যালট পেপার তিনি বাতিল করেছেন।৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে হাঙ্গামা শুরু হয় সকাল থেকে। সেখানে কেন্দ্র দখলের চেষ্টা করলে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুককে কুপিয়ে জখম করে বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীরা। এর জেরে দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আওয়ামী লীগ- সমর্থিত মেয়র পদপ্রার্থী ইসমাইল খোকনের কর্মীরা কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপারে সিল মারে। পরে প্রিসাইডিং কর্মকর্তা সেগুলো বাতিল করেন। প্রিসাইডিং কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, দুইটার দিকে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখতে হয়।তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল পাঠান (টেলিভিশন) একটার দিকে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইসমাইল খোকনের লোকজন প্রায় সবগুলো কেন্দ্রেই ব্যালট পেপার ছিনতাই করেছে। ৯ নম্বর ওয়ার্ডের সিরাজিয়া কেন্দ্রে তাঁর এজেন্ট ফারুককে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে কর্তব্যরত পুলিশের এসআই কামাল হোসেনের সহযোগিতায় ভোটারদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের এসআই কামাল হোসেন।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ বি এম জিলানীও (চশমা) একই রকম অভিযোগ করেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইসমাইল খোকন (দোয়াত-কলম) সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি প্রার্থীর কর্মীরা বিভিন্ন কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা গোপালচন্দ্র দাস বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে।