বেইজিংয়ে হাসিনা-জিয়াবাও বৈঠক
তিনটি চুক্তি সই, চীনে বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত প্রবেশাধিকার
বাংলাদেশের অর্থনৈতিক, কারিগরি, অবকাঠামো ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চীন ও বাংলাদেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া তাদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের আশ্বাস দিয়েছে চীন। খবর বাসস ও ইউএনবির।স্বাক্ষরিত চুক্তির আওতায় একটি সার কারখানা স্থাপন ও একটি সেতু নির্মাণে বাংলাদেশকে সহায়তা করবে চীন। এ ছাড়া তেল ও গ্যাস খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবে দুই দেশ। অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। শাহজালাল সার কারখানা স্থাপনের বিষয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের বিষয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া তেল ও গ্যাস খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে সই করেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ আহমেদ।বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে: চীন তার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে সৃষ্ট দেশের বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা বাড়াবে। গতকাল বিকেলে চীনের রাজধানীর গ্রেট হলের ইস্ট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে চীনা প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।প্রায় এক ঘণ্টা স্থায়ী এ বৈঠকে দুই নেতা বাংলাদেশের আর্থসামাজিক খাতে চীনের সাহায্য-সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদি সহায়তা, অনুদান এবং বাংলাদেশের কৃষি, বিদ্যুত্ ও অবকাঠামো খাতে সাতটি প্রকল্প বাস্তবায়নে ওডিএ ভিত্তিতে স্টেট টু স্টেট ঋণ অনুমোদন চেয়েছেন।বাংলাদেশ যেসব ক্ষেত্রে সহায়তা চেয়েছে, সেগুলো হলো—গাড়ি পার্কিং সুবিধাসহ ‘চায়নিজ এক্সিবিশন সেন্টার নির্মাণ’, মিয়ানমারের গুনদুমের মধ্য দিয়ে চট্টগ্রাম-কুনমিং সংযোগ স্থাপনে সড়ক ও রেলপথ অবকাঠামো নির্মাণ, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, পাগলায় পানি বিশোধন প্রকল্প, বাংলাদেশে বিদ্যুেকন্দ্র নির্বাচনে আর্থিক ও কারিগরি সহায়তা, চায়না ন্যাশনাল হাইব্রিড রাইস রিসার্চ সেন্টার ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মধ্যে সাংগঠনিক সহযোগিতা জোরদার ও চীনের ঋণ মওকুফ।শেখ হাসিনা বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং তাঁর দেশ এশিয়ার দুটি দেশের বৃহত্তর স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আধুনিকায়ন, নদী খনন প্রকল্প, উপগ্রহ উেক্ষপণ ও দূর অনুধাবন উপগ্রহ স্থাপন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ১৫০-এ উন্নীত এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের জন্য বৃত্তি-সুবিধা দিতে চীনের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। প্রতিরক্ষা সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা দীর্ঘমেয়াদি ঋণ সহায়তার অধীনে তিনটি হেলিকপ্টারসহ দুটি ফ্রিগেট প্রদান করতে চীনা সরকারকে অনুরোধ জানান। আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের বিভিন্ন দেশ, বিশেষ করে চীন, ভারত ও মিয়ানমারের মধ্যকার সম্পর্ক সার্বিক কল্যাণের লক্ষ্যে আরও জোরদার করতে হবে। তিনি বলেন, এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীনা সহায়তা চাওয়ার জবাবে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রার্থিত ক্ষেত্রগুলোতে তাঁর দেশের সহায়তার আশ্বাস দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার রাতে বেইজিংয়ে পৌঁছান।