তিনটি ছবির ভবিষ্যৎ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি শিল্পী ছবিতে অভিনয় করেছেন; কিন্তু তার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি—এমন কয়েকটি ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য সম্প্রতি লাল টিপ, উত্তরের সুর ও এক টাকার দেনমোহর ছবি জমা পড়ে। তিনটি ছবিতেই বিদেশি শিল্পী অভিনয় করেছেন। লাল টিপ ও এক টাকার দেনমোহর ছবি দুটির শুটিং হয়েছে যথাক্রমে ফ্রান্স ও থাইল্যান্ডে। এদিকে ১৯৯৯ সালের সেন্সর আইন ও বিদেশে গিয়ে চলচ্চিত্র শুটিং নীতিমালায় বলা আছে, বিদেশে গিয়ে শুটিং করার ব্যাপারে যেমন সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, তেমনিভাবে বিদেশি শিল্পীদের ছবিতে অভিনয় করাতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। এক টাকার দেনমোহর ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। সেন্সর বোর্ডে ছবিটি বিনা কর্তনে পাস করলেও ছবির দুটি গানে বিদেশি শিল্পীর অংশগ্রহণের কারণে ছাড়পত্র আটকে গেছে। ছবির নির্মাতা এম বি মানিক বললেন, ‘বিদেশি শিল্পীদের জন্য অনুমতি নিতে হবে, তা জানা ছিল না। প্রয়োজনে আমরা গান দুটি বাদ দেব।’লাল টিপ ও উত্তরের সুর ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান বলেন, ‘আমরা জানিই না যে লাল টিপ ও উত্তরের সুর ছবি দুটি আটকা পড়েছে। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আমরা পাইনি। চিঠি পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর বললেন, ‘আমরা খোঁজখবর নিচ্ছি। যদি অনুমতি না নিয়ে কেউ কাজ করে, তবে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বললেন, ‘যা কিছু হবে, তা আইনের মধ্যে থেকেই করতে হবে। সেন্সর বোর্ড তাদের কাজ করবে আর সরকার দেখবে কোনো আইনের লঙ্ঘন হয়েছে কি না। যদি আইন লঙ্ঘন করে কেউ কিছু করে, তবে সেখানে সরকার তার মতো করেই সিদ্ধান্ত নেবে। বিদেশি শিল্পীদের অভিনয়ের আগে যদি অনুমতি নেওয়ার নিয়ম থাকে, তবে অবশ্যই সে আইন মানতে হবে। এ ক্ষেত্রে পরবর্তী করণীয় কী হবে, তা সরকার সিদ্ধান্ত নেবে।’