তিনটি টিভি চ্যানেল দেখা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসমাবেশের সময় বেসরকারি তিনটি স্যাটেলাইট টেলিভিশন দেখতে পায়নি দর্শকেরা। চ্যানেলগুলো হলো একুশে টেলিভিশন, ইসলামিক টেলিভিশন ও বাংলাভিশন। আজ সোমবার বিভিন্ন স্থান থেকে বহু মানুষ প্রথম আলো কার্যালয়ে ফোন করে এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাঠক বলেন, আজ দুপুরের পরপরই হঠাত্ করে ওই চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাভিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত পাঁচ-ছয় দিন থেকেই সরকারের বিভিন্ন উচ্চমহল থেকে আমাদের চ্যানেলে ফোন করে মহাসমাবেশের খবর লাইভ কাভার করব কি না, জানতে চাওয়া হচ্ছিল। তখন আমরা বলেছি, অন্য চ্যানেলগুলো সম্প্রচার করলে আমরাও করব। তারপর আজ সকালে যখন মহাসমাবেশ বিষয়ে একটি অনুষ্ঠান লাইভ সম্প্রচার শুরু হলো, তার কিছুক্ষণ পরই ফোন করে বলা হলো তা বন্ধ করে দিতে। অল্প কিছুক্ষণ পরই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শকেরা ফোন করে জানালেন, তাঁরা বাংলাভিশন দেখতে পারছেন না। বেলা আড়াইটার দিকে ফোন এল, ‘লাইভ সম্প্রচার বন্ধ করুন, নইলে মুশকিল হয়ে যাবে। এর একটু পরই কেবল অপারেটরদের সংগঠন কোয়াব থেকে ফোন করে বলা হলো, তাদের একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ফোন করেছিলেন বাংলাভিশনের সম্প্রচার বন্ধ করে দিতে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেবল অপারেটর জানান, প্রশাসনের চাপের কারণে কেবল অপারেটররা এই তিনটি চ্যানেলের প্রচার বন্ধ রেখেছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে এ ধরনের একটি নির্দেশ দেওয়া হয়। তাঁরা শুধু সেটাই বাস্তবায়ন করছেন।এর আগে গতকাল রোববার বেতার তরঙ্গ (স্পেকট্রাম) পুনঃ বরাদ্দের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকায় বেসরকারি টেলিভিশন একুশে টিভিকে নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়া রেডিও ইকুইপমেন্ট এবং বরাদ্দকৃত স্পেকট্রাম স্থগিত অবস্থায় সম্প্রচারে যাওয়ার কারণ জানতে চেয়ে তাদের একটি নোটিশ দেওয়া হয়েছে।’ তরঙ্গ বরাদ্দ বিষয়ে একুশে টিভির লাইসেন্স বাতিল করা হতে পারে কি না—প্রশ্নের জবাবে বিটিআরসির চেয়ারম্যান বলেছিলেন, ‘নোটিশের জবাব পেয়ে কমিশন পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’সরাসরি দেখায়নি কোনো চ্যানেলবিএনপির মহাসমাবেশের বক্তব্য আজ কোনো টেলিভিশন চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়নি। গতকাল রোববার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে মৌখিকভাবে এ-সংক্রান্ত একটি নির্দেশনা চ্যানেলগুলোর কাছে পাঠানো হয় বলে এসব চ্যানেলের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।প্রধান বিরোধী দলের এ রকম একটি সমাবেশের খবর চ্যানেলগুলো কেন সরাসরি সম্প্রচার করেনি, তা জানতে অনেক পাঠক ফোন করেন প্রথম আলোর কার্যালয়ে। তাঁরা বলেন, এর আগে বড় দলের কর্মসূচিগুলো সাধারণত চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করত।পাঠকদের অনুযোগের পরিপ্রেক্ষিতে টেলিভিশন চ্যানেলগুলো খুলে দেখা যায়, সবাই বারোয়ারি অনুষ্ঠান সম্প্রচার করছে। বাংলাভিশনে মহাসমাবেশ-সংক্রান্ত একটি লাইভ অনুষ্ঠান চললেও বেলা আড়াইটার দিকে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। এর পরই আরও দুটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়।হঠাত্ চ্যানেল বন্ধ হওয়া এবং কোনো চ্যানেলে মহাসমাবেশের খবর প্রচারিত না হওয়ার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় সব কটি চ্যানেল বেশ কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল মহাসমাবেশের খবর সরাসরি সম্প্রচারের। কিন্তু হঠাত্ করেই গতকাল এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়। বিটিআরসির সেই নিষেধাজ্ঞায় ‘রাষ্ট্রীয় ও জনস্বার্থে’ এ ধরনের একটি কর্মসূচির খবর সরাসরি সম্প্রচার না করার অনুরোধ জানানো হয়। তাদের সেই অনুরোধই পরে ‘অলিখিত নিষেধাজ্ঞা’য় রূপ নেয় বলে জানান একটি চ্যানেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা।বিটিআরসির এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল প্রথম আলো অনলাইনকে বলেন, একটি গণতান্ত্রিক দেশের গণমাধ্যমের ওপর এ রকম সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিষয়টি অগণতান্ত্রিক। এটি মতপ্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। মহাসমাবেশ সরাসরি সম্প্রচারের কোনো উদ্যোগ নিয়েছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ৭ মার্চের কর্মসূচি আমরা সরাসরি সম্প্রচার করিনি। ১৪ দলের ১৪ মার্চের কর্মসূচিও আমরা লাইভ সম্প্রচার করব না। চারদলীয় জোটের এই মহাসমাবেশও লাইভ সম্প্রচারের কোনো উদ্যোগ আমাদের ছিল না। তবে যারা লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিয়েছিল, তাদের থামিয়ে দেওয়া মোটেই গণতান্ত্রিক হয়নি।