তিনটি নতুন জাতের ধান উদ্ভাবন ব্রি বিজ্ঞানীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই বা ব্রি) বিজ্ঞানীরা স্বল্প সময়ে উৎপাদন সম্ভব—এমন তিনটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন। গত ১৫ সেপ্টেম্বর জাতীয় বীজ বোর্ড এই জাত তিনটির অনুমোদন দিয়েছে।ব্রির উদ্ভাবিত ও সম্প্রতি অবমুক্ত করা তিনটি নতুন জাত হলো: ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬ ও ব্রি ধান ৫৭। আগামী বোরো ও আউশ মৌসুমে এই জাতগুলো অল্প পরিমাণে হলেও কৃষকদের মধ্যে দেওয়ার জন্য ব্রি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কাজ শুরু করেছে।আজ ১ অক্টোবর ৪১ বছরে পদার্পণ করছে ব্রি। ১৯৭০ সালে যাত্রা শুরু করে এই সংস্থা দীর্ঘ চার দশকের পথপরিক্রমায় ওই তিনটিসহ মোট ৫৭টি জাতের ধান উদ্ভাবন করেছে। এই জাতগুলো চাষ করেই গত ৪০ বছরে দেশে ধানের উৎপাদন এক কোটি টন থেকে বেড়ে তিন কোটি টনেরও বেশি হয়েছে।নতুন জাতগুলোর মধ্যে ‘ব্রি ধান ৫৫’ আউশ ও বোরো মৌসুমের ধান। এটি ঠান্ডা, মধ্যম খরা ও লোনাসহিষ্ণু জাত। আউশ মৌসুমে এ জাতের ফলন হেক্টরপ্রতি পাঁচ টন হলেও বোরো মৌসুমে ফলন দেবে প্রায় সাত টন।ব্রি কর্তৃপক্ষ জানিয়েছে, এই জাতগুলো আগের জনপ্রিয় জাতগুলোর চেয়ে বেশি মাত্রার খরা ও লবণাক্ততা সহ্য করতে পারবে। আগের জাতগুলোর তুলনায় এই তিনটি জাত স্বল্প সময়ে উৎপাদিত হবে। দ্রুত এই জাতগুলো কৃষক পর্যায়ে পৌঁছাতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সম্পৃক্ত করা হবে।প্রাথমিকভাবে ব্রির নিজস্ব গবেষণা মাঠ ও বিএডিসির মাধ্যমে এই তিনটি জাতের বীজ উৎপাদন করা হবে। পরের বছর থেকে তা বেসরকারি সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রির ব্যবস্থা করা হবে।ব্রির মহাপরিচালক এ কে জি এনামুল হক প্রথম আলোকে বলেন, জাতীয় বীজ বোর্ড জাত তিনটি অনুমোদন ও অবমুক্ত করেছে। শিগগিরই জাত তিনটি বিএডিসির হাতে তুলে দেওয়া হবে।তিন জাতের গুণ: ব্রি-৫৫ জাতটি বেশ কয়েক দিন সেচহীন অবস্থায় ১৫ থেকে ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও মাটিতে আট ডেসি সিমেন পর্যন্ত (ডিএস/মিটার) লবণাক্ত পরিবেশে টিকে থাকতে পারবে। জাতটি ১৪৫ দিনের মধ্যে কাটার উপযোগী হবে। প্রায় একই বৈশিষ্ট্যপূর্ণ বিআর-২৮ জাতের সঙ্গে এর পার্থক্য হচ্ছে, এটি বিআর-২৮-এর চেয়ে প্রতি হেক্টরে এক টন করে বেশি ফলন দেবে।এ ছাড়া ব্রি-৫৬ জাতের ধানটি আগাম আমন মৌসুমের ধান। এটি খরাসহিষ্ণু জাত। জাতটি ১৫ থেকে ১৬ দিন সেচহীন অবস্থায় টিকে থাকতে পারবে। প্রতিবছর দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে আউশ ধানে সম্পূরক সেচ না দিলে ফলন কমে যায়। কিন্তু এই নতুন জাতটি কমপক্ষে দুই সপ্তাহ সেচহীন অবস্থায় টিকে থাকতে পারবে। ফলন কমবে না। ফলে, এই জাতটি আউশের উৎপাদন বাড়ানোর সহায়ক হবে।ব্রি-৫৬ জাতটি ফলন দেবে হেক্টরপ্রতি চার থেকে সাড়ে চার টন। এর জীবনকাল অর্থাৎ বীজতলা থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সময় লাগবে ১১০ থেকে ১১৫ দিন। ফলে, হাওর এলাকায় এটি চাষ করলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা পাবে বলে ব্রির বিজ্ঞানীরা আশা করছেন। প্রায় প্রতিবছর হাওর এলাকায় আগাম বন্যার কারণে ফসলহানি হয়।ব্রি-৫৭ জাতের ধানটিও আমন মৌসুমের। এটিও খরাসহিষ্ণু ধান। ধান খেতে সেচের পানির স্তর ২০ সেন্টিমিটারের নিচে নেমে গেলেও এ জাত টিকে থাকতে পারে। এর ফলন হবে হেক্টরপ্রতি সাড়ে তিন থেকে চার টন। দেশের খরাপ্রবণ এলাকা দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও প্রভৃতি অঞ্চলে এই জাতটি চাষের মাধ্যমে খরা থেকে ফসল রক্ষা করা যাবে এবং উৎপাদনও বাড়বে বলে বিজ্ঞানীদের আশা।গবেষণা প্রতিষ্ঠানের সূত্র জানায়, এই জাত উদ্ভাবনের জন্য ব্রির বিজ্ঞানী রফিকুল ইসলাম, তমাল লতা আদিত্য দীর্ঘদিন কাজ করেছেন। চলতি বছর এই জাত সফলতার মুখ দেখে।গবেষণায় দেখা গেছে, ব্রি-৫৫ জাতটি দেশের মধ্যম মানের লবণাক্ত এলাকায় ভালো ফলন দেবে। আট ডেসি সিমেন মিটার মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারায় এই জাত সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, ভোলাসহ মাঝারি লবণাক্ত এলাকায় ভালো ফলন দেবে।ব্রির বিজ্ঞানীরা আশা করছেন, বিআর-৫৫ জাতটি ‘মেগা ভ্যারাইটি’ বা ‘মহাজাত’ হিসেবে জনপ্রিয় হবে। অর্থাৎ সারা দেশের কৃষকদের মধ্যে এই জাত গ্রহণযোগ্যতা পাবে। এর আগে বিআর-২৮ ও বিআর-২৯ জাত দুটি মহাজাত হিসেবে সারা দেশে জনপ্রিয় হয়েছে। বোরো মৌসুমে এই জাত দুটি দেশের ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় চাষ হচ্ছে।ব্রির মহাপরিচালক এই জাতগুলো সম্পর্কে বলেন, প্রতিকূল পরিবেশে ও স্বল্প সময়ে উৎপাদন হওয়া ছাড়াও এই জাতগুলোর খাদ্যমান বেশ ভালো। বিশেষ করে, বিআর-৫৫ জাতটির খাদ্যমান বিআর-২৮ ও বিআর-২৯-এর চেয়ে বেশ ভালো।