তিনটি পিএসসি করা ও শূন্য পদে অস্থায়ী নিয়োগের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা অনুযায়ী সরকারি কর্মকমিশন (পিএসসি) শূন্যপদে সময়মতো নিয়োগ দিতে পারছে না। ফলে সরকারি কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই ক্যাডার, নন-ক্যাডার ও কারিগরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের জন্য তিনটি পৃথক পিএসসি গঠনের পক্ষে অভিমত দিয়েছেন সচিবেরা। পাশাপাশি সব ধরনের শূন্যপদে জরুরি ক্ষেত্রে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শুরুর জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ উদ্যোগ নিতে পারে বলে মত দিয়েছেন তাঁরা। গতকাল সোমবার এক সভায় সচিবেরা চাকরির অবসরের বয়স ৬০ বছর করা নিয়েও আলোচনা করেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছরই সব সরকারি চাকুরের অবসরের বয়স বাড়ানোর সম্ভাবনা আছে। প্রসঙ্গত, সরকারি কর্মকমিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে থাকে। কিন্তু এসব নিয়োগের প্রক্রিয়া শেষ করে নিয়োগ করতে তিন বছর পর্যন্ত সময় লেগে যায়। তত দিনে শূন্যপদের সংখ্যা আরও বেড়ে যায়। নিয়োগবিধি অনুযায়ী যেকোনো মন্ত্রণালয় ১৫ দিনের মধ্যে চাহিদা অনুযায়ী নিয়োগের সুপারিশ করতে পিএসসিকে অনুরোধ জানাতে পারে। পিএসসি অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করতে পারে। গতকালের সভায় সচিবেরা জানান, সামান্য সিলেকশন গ্রেড প্রদান, বিভিন্ন পদের মানোন্নয়নসহ নানাবিধ কাজের ছাড়পত্রও পিএসসিকে দিতে হয়। এতে সময়ক্ষেপণ হয়। এ জন্য একক পিএসসির পরিবর্তে তিনটি কাজের জন্য পৃথক তিনটি পিএসসি করার পক্ষে মত দেন তাঁরা। সচিব সভায় বলা হয়, এখন প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে অনেক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্যাডার ও নন-ক্যাডার পদ শূন্য রয়েছে। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এক লাখ ৬০ হাজার পদ শূন্য। এসব পদে দ্রুত নিয়োগ না হলে জনবলসংকটে প্রশাসন প্রয়োজনীয় কাজকর্ম করতে পারবে না। সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে অস্থায়ী ভিত্তিতে এসব পদ পূরণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবটি অন্য সচিবেরা সমর্থন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ সূচনা বক্তব্য রাখেন। তিনি মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, দ্রুত অর্থ ছাড় করা, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে কাজ করার জন্য সচিবদের তাগিদ দেন। তিনি জানান, চলতি বছরে ইতিমধ্যে উন্নয়ন কর্মসূচির ২৯ ভাগ বাস্তবায়ন হয়েছে। এই হার আরও বাড়াতে হবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২১ জন সচিব বক্তব্য দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিবেরা আদালত অবমাননা আইন ও অ্যাটর্নি সার্ভিস আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, ভারত ও পাকিস্তানে এই আইন চালু রয়েছে। এখানে কথায় কথায় আদালত অবমাননার মামলা হয়। তাতে সরকারি চাকুরেরা হয়রানির শিকার হচ্ছেন। অথচ সরকারের নির্দেশ প্রতিপালন করতে গিয়েই তাঁদের এসব মামলার মুখোমুখি হতে হচ্ছে। কী কাজে আদালত অবমাননা হয় তা নির্দিষ্ট করে আইন করলে এ সংখ্যা কমে যাবে। তখন কাজের ক্ষেত্রে গতিশীলতা আসবে বলে কোনো কোনো সচিব দাবি করেন।