তিনটি পিএসসি গঠনের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চলমান স্থবিরতা কাটাতে ক্যাডার, নন-ক্যাডার ও কারিগরি কর্মকর্তা নিয়োগে পৃথক তিনটি পিএসসি গঠনের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে কমিটির ১৫তম বৈঠকে সদস্যরা এ আহ্বান জানান। এ ছাড়া বৈঠকে দক্ষ, মেধাসম্পন্ন এবং সৎ সিভিল সার্ভিস গড়তে প্রশাসনের সংস্কার এবং সিভিল সার্ভিস অ্যাক্ট চূড়ান্ত করার আগে জনমত যাচাই করার জন্য সংস্থাপন মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে কমিটি।কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, নওয়াব আলী আব্বাস খান, বেগম হামিদা বানু, রেজা আলী, আজিজুল হক চৌধুরী ও আ ন ম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।কমিটির সভাপতি অলি আহমদ প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিতে জনবল নিয়োগে পিএসসির দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তাই দ্রুত নিয়োগকাজ শেষ করতে ক্যাডার, নন-ক্যাডার ও কারিগরি কর্মকর্তা নিয়োগে পৃথক তিনটি পিএসসি গঠনের সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে দ্রুত জনবল নিয়োগ দেওয়া যাবে।