চট্টগ্রামে আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে সিটি করপোরেশনের তিনটি পুকুর দখলের অভিযোগ উঠেছে। তৃতীয় কর্ণফুলী সেতুর কাছে ছয় একর আয়তনের এই তিনটি পুকুরে মাছ চাষ করেন তাঁরা। পুকুরগুলোর উঁচু পাড় তৈরি করতে গিয়ে পাশের এলাকার পানি নিষ্কাশনের নালা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বর্ষা মৌসুমে ওখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে এ তিনটি পুকুর দখল করে মাছ চাষ চলছে বলে জানা গেছে।অভিযোগ পাওয়া গেছে, ১২ জনের একটি সিন্ডিকেট পুকুর দখল ও মাছ চাষের সঙ্গে জড়িত। এদের মধ্যে নগরের বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিদ্দিক আলম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সভাপতি নুরুল আজিম, বক্সিরহাট ওয়ার্ডের সভাপতি নুরুল আমিন, সহসভাপতি শামসুল আলম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, বক্সিরহাট ওয়ার্ডের ছাত্রলীগের আহ্বায়ক এমদাদুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপত্তা বিভাগের কর্মচারী রায়হান অন্যতম। অভিযোগ আছে, তিনটি পুকুর এলাকায় চারজন পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে বলে রায়হান প্রতিদিন করপোরেশন থেকে টাকা নেন। বাস্তবে এখানে কোনো পাহারাদার নেই। ওই চারজনের টাকা যায় তাঁর পকেটে।বাকলিয়া থানার আওয়ামী লীগের আহ্বায়ক সিদ্দিক আলম মাছ চাষের কথা স্বীকার করে বলেন, ‘সিটি করপোরেশনের পুকুর খালি পড়ে আছে। তাই আমরা মাছ চাষ করছি। আমি সেখানে তেমন একটা যাই না। আমার ছেলেই সব দেখাশোনা করে। এ নিয়ে করপোরেশন থেকে কোনো অভিযোগ আসেনি।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, কর্ণফুলী তৃতীয় সেতুর কাছে বাকলিয়া শহীদ নুর হোসেন মিলন মোজাম্মেল জিহাদ কলেজের (এনএমএমজে) পেছনেই পুকুর তিনটির অবস্থান। চারদিকে বেড়া দিয়ে সেখানে সর্বসাধারণের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। পুকুরে মাছ চাষের পাশাপাশি পাড়ে লাগানো হয়েছে সবজি। সিটি করপোরেশনের কোনো পাহারাদারকে সেখানে দেখা যায়নি। জানা গেছে, ২০০৮ সালের শুরুর দিকে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মন্জুর আলম (বর্তমান মেয়র) অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্তৃত্বে নিয়ে আসেন। নগরের একটি অংশের ময়লা-আবর্জনা ও নালার মাটি ফেলার জন্য তখন সেখানে তিনটি বড় পুকুর খনন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে জামিনে বেরিয়ে মেয়রের দায়িত্ব নেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তখন তাঁর ঘনিষ্ঠ বাকলিয়া থানা আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী রায়হান মিলে পুকুর তিনটি দখল করে মাছের চাষ শুরু করেন। দখলদারদের একজন নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিবছর ৫০ হাজার টাকার মাছের পোনা ফেলা হলে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মাছ পাওয়া যায়। তা ছাড়া পুকুরের পাড়ে সবজি চাষ তো আছেই। সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ওই জায়গাটি বেদখল ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা সেটি দখলমুক্ত করে আবর্জনা ফেলতে তিনটি পুকুর খনন করেছিলাম। কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। এ জন্য সেখানে আর ময়লা-আবর্জনা ফেলা হয়নি।’চট্টগ্রাম সিটি করপোরেশনের এস্টেট কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘সুযোগ পেয়ে কিছু লোক জায়গাটি দখল করে ভোগ করছে। আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনে তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেব।’