তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ রোববার পুরান ঢাকার আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের গুদামের সন্ধানে অভিযান চালিয়েছেন। এ সময় আদালত নয়টি গুদামে অভিযান চালিয়ে তিনটিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। বেচারাম দেউরীর উত্তরা কেমিক্যাল ওয়ার্কস নামক প্রতিষ্ঠানের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। সেখানে সালফিউরিক ও নাইট্রিক এসিডসহ বিভিন্ন দাহ্য পদার্থ ঝুঁকিপূর্ণভাবে দেখতে পান। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে আদালত আবুল খয়রাত রোডের দুটি গুদামে অভিযান চালান। সেখানে ফায়ার সার্ভিসের লাইসেন্স না নিয়ে রাসায়নিক পদার্থ গুদামজাত করায় মনোয়ার হোসেন অ্যান্ড কোম্পানি ও আরিফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। এতে সহায়তা করে ফায়ার সার্ভিস, র‌্যাব-১০ ও পরিবেশ অধিদপ্তরের একটি দল।