অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি-সামগ্রী তৈরি এবং পাউরুটি তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না করায় আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া বিভিন্ন অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার ২০/১ কোর্ট হাউস স্ট্রিটে অবস্থিত ইউসুফ বেকারির কারখানায় অভিযান চালান। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল পাউরুটি, বিস্কুট ও কেক।প্রতিষ্ঠানটি পাউরুটি ও বিস্কুট তৈরির জন্য বিএসটিআই থেকে সনদ নিলেও মেয়াদ শেষে নবায়ন করেনি। এ ছাড়া কেক তৈরিতে বিএসটিআইয়ের সনদ নেওয়া হয়নি। এসব অপরাধে আদালত বিএসটিআই ও বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।পরে আদালত ২৩/২৩/১ কোর্ট হাউস স্ট্রিটের মেট্রোবার ক্যান্টিনে অভিযান চালান। সেখানে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা সবজি এবং মাংস দেখতে পান আদালত। এ ছাড়া রান্না ঘরটি ছিল নোংরা ও অপরিচ্ছন্ন। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।আদালত জনসন রোডে অবস্থিত ঘরোয়া হোটেলে অভিযান চালিয়ে সেখানকার রান্নাঘরের পরিবেশ অপরিচ্ছন্ন এবং প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি ও বাজারজাত করার অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেন।ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেন বিএসটিআইয়ের কর্মকর্তা আশরাফ হোসেন ও পূজন কর্মকার ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।