অগ্নিনির্বাপণের শর্ত ভঙ্গ এবং বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে আজ মঙ্গলবার তিনটি প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বেলা আড়াইটার দিকে আদালত রাজধানীর গেণ্ডারিয়ার ৬৬/এ ঢালকানগর লেনে উইনার কেবল নামের একটি বৈদ্যুতিক তার তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। এই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নকল ইস্টার্ন কেবল তৈরি করছিল—এই অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।এর আগে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কদমতলী থানার জিয়া সরণি রোডের জাপানি বাজারে আমিন কেবল নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি করায় আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত একই এলাকার ভাই ভাই ওয়ার ড্রায়িং নামের একটি কপার তার তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। দমকল বাহিনীর শর্ত পালন না করায় আদালত প্রতিষ্ঠানকে অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন।এরপর আদালত একই এলাকার তামান্না কেবল নামে তার তৈরির আরেকটি প্রতিষ্ঠানে গিয়ে দেখেন, তা তালাবন্ধ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানে কর্মকর্তারা তালা দিয়ে পালিয়ে যান বলে স্থানীয় লোকজন জানায়। আদালতের নির্দেশে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে বৈদ্যুতিক তার তৈরি করায় আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে কদমতলী থানার হেফাজতে দেন।বিএসটিআই এবং দমকল বাহিনী ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নেতৃত্ব করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এ সময় বিএসটিআই, দমকল বাহিনীর কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত ছিল।