অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু নির্মাণ-সংক্রান্ত জটিলতার অবসান করতে সরকার তিনটি বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে বিশ্বব্যাংকের ঋণ প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। বিশ্বব্যাংক রাজি হলে সেতু নির্মাণের সব প্রক্রিয়া পূর্বনির্ধারিত পথেই চলবে। যদি বিশ্বব্যাংক ঋণ দিতে না চায়, তবে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মতো অন্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবে। এ দুটি প্রচেষ্টা ব্যর্থ হলে সরকার নিজ উদ্যোগে সেতু নির্মাণ করবে।মন্ত্রী বলেন, সরকার আসছে মৌসুমে নির্মাণ কাজে হাত দেবে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ বা মাসের নাম বলেননি।অর্থমন্ত্রী জানান, সেতু নির্মাণে দরপত্র আহ্বান ও প্রক্রিয়া করার কাজ যে পর্যন্ত সম্পন্ন হয়েছিল, সেখান থেকেই বাকি কাজ শুরু হবে।আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, বর্তমান অর্থবছরের বাজেটে পদ্মা সেতু নির্মাণের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ করে এ বছরে সেতু খাতে মোট ১৩০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।