চট্টগ্রাম নগরের রাজাখালী খালের একাংশ ভরাট করে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। খাল দখল করে তৈরি প্রভাবশালী ব্যক্তিদের তিনটি ভবনের বর্ধিতাংশ বাঁচাতে ১২ ফুট চওড়া সড়কটি খালের অংশ ভরাট করে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সরেজমিনে দেখা গেছে, মেরিন ড্রাইভের জন্য প্রাথমিকভাবে খালের বেশ কিছু অংশ ইতিমধ্যে ভরাট করা হয়েছে। খালের ভেতর প্রতিরক্ষা দেয়াল তৈরির কাজ চলছে পুরোদমে। সড়ক ও প্রতিরক্ষা দেয়ালের জন্য ১৪ ফুটের বেশি ভরাট করা হচ্ছে।করপোরেশন সূত্র জানায়, খাল দখল করে ১২ ফুট চওড়া ও ৩৫০ ফুট (১০০ মিটার) দীর্ঘ এ সড়ক করা হচ্ছে। রাজাখালী থেকে চাক্তাই পর্যন্ত বিস্তৃত এ সড়কটির মোট দৈর্ঘ্য তিন হাজার ফুট বা প্রায় এক কিলোমিটার। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সড়কটির বেশির ভাগ নির্মাণকাজ শেষ হয়। খালের মধ্যে গড়ে ওঠা তিনটি ভবন উচ্ছেদ করতে না পারায় পশ্চিম দিকে ১০০ মিটার নির্মাণকাজ অসম্পূর্ণ থেকে যায়। এখন ওই তিনটি ভবন অক্ষত রেখেই খাল ভরাট করে সড়ক নির্মাণ করা হচ্ছে। ভবন তিনটি হচ্ছে আবু তাহের ফ্লাওয়ার মিলস লিমিটেডের তিনতলা, মীর আহমদ সওদাগরের ছয়তলা ও মোহাম্মদ শুক্কুরের তিনতলা ভবন। অথচ দুই বছর আগে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণকালে খালের অংশ দখল করে গড়ে ওঠা বেশ কিছু ভবনের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়।৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হক জানান, খালের ওপর প্রভাবশালী ব্যক্তিদের ভবন পড়ায় সিটি করপোরেশন খাল ভরাট করে রাস্তা করছে। করপোরেশনে প্রতিবাদ করেও লাভ হয়নি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কাজ হচ্ছে। এভাবে হলে খাল সংকুচিত হয়ে নগরে জলাবদ্ধতা দেখা দেবে।তবে একটি ভবনের মালিক মো. আবু তাহের দাবি করেন, ‘আমরা খাল দখল করে ভবন নির্মাণ করিনি। খাল ভেঙে আমাদের ভবনের কাছে চলে এসেছে। বরং খালের ভেতর আমাদের ও মীর আহম্মদ সওদাগরের জায়গা আছে।’করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোছাইন বলেন, ‘রাস্তা ও দেয়াল নির্মাণ করতে গিয়ে খালের কিছু অংশ ভরাট হয়েছে। আমরা মাপজোক করে দেখেছি। খালটি ওই স্থানে কিছুটা বাঁকাও রয়েছে। তাই ভরাট বেশি করা হচ্ছে বলে মনে হতে পারে। প্রয়োজনে আমরা আবার মাপজোক করে দেখব।’শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ এপ্রিল সড়কের নির্মাণকাজ শুরু হয়। জোয়ারের কারণে দিনের বেশির ভাগ সময় কাজ বন্ধ থাকে। এ ছাড়া পাইলিং মেশিন নষ্ট থাকায় কয়েক দিন পর পর কাজে ব্যাঘাত ঘটে।শ্রমিক মো. হোসেন রাজাখালী খালের পাড়ে আওয়াল কলোনিতে থাকেন। তিনি জানান, ‘দুই বছর আগে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের সময় আমি শ্রমিক ছিলাম। এখন বাকি রাস্তা নির্মাণের কাজও করছি। তবে সড়ক খালের ভেতরে কেন করা হচ্ছে, তা বুঝতে পারছি না।’ প্রতিবাদ: রাজাখালী খাল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে বাকলিয়ায় গত শনিবার প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খাল ভরাটের কারণে ছয়টি ওয়ার্ডে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। বাকলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আলম অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালের মুখের কয়েকটি ভবন ভাঙার আদেশ হয়েছিল। কিন্তু সেগুলো তখন ভাঙা হয়নি। এখানে বর্তমান সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের আত্মীয় মীর আহম্মদ সওদাগরের ভবন রয়েছে। এখন ওই ভবন না ভেঙে করপোরেশন খাল ভরাট করে রাস্তা নির্মাণ করছে। এতে রাজাখালী খাল ও আশপাশে জলাবদ্ধতা দেখা দেবে।