তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রস্তাব অনুমোদন
তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্র তিনটি ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন।আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব জানান, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার ছয় থেকে নয় মাসের মধ্যে বিদ্যুতের সরবরাহ পাওয়া যাবে।অনুমোদন পাওয়া তিনটি প্রতিষ্ঠান হচ্ছে পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেড, জে ভি কনসোর্টিয়াম অব পিডিভি এবং আইএফডিসি-ভলকান এনার্জি (বিডি) লিমিটেড।জানা গেছে, ঢাকার অদূরে কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পাওয়ার প্যাক। সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে জেভি কনসোর্টিয়ামও উৎপাদন করবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। আর ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যশোরের নোয়াপাড়ায় স্থাপিত ভলকান এনার্জি।পাওয়ার প্যাক থেকে সাত টাকা ৭৮ পয়সা, জেভি কনসোর্টিয়াম থেকে সাত টাকা ৭০ পয়সা এবং এনার্জি থেকে সাত টাকা ৭৭ পয়সা দরে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে সরকার।বৈঠকে আরও তিনটি বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এগুলো হচ্ছে সামিট পাওয়ার প্লান্ট লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি ও আইইএল কনসোর্টিয়াম লিমিটেড।সচিব জানান, এ তিন প্রতিষ্ঠানকে আগামী সাত দিনের মধ্যে আবারও দরপত্র প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।