তিনটি মামলা দায়ের, ফলাফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনজন পরাজিত প্রার্থীর প্রতিবাদ, সংবাদ সম্মেলন, স্মারকলিপি পেশ এবং সব শেষে আদালতে তিনটি মামলা ও ফলাফল স্থগিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্যে ১৯ মার্চ ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দুই হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে দুই হাজার ৩০৭ জন ভোটার ভোট দেন। নির্বাচনী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুণ চন্দ্র মহোত্তম। নির্বাচনের পরের দিন ২০ মার্চ ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে জুবায়ের জাকির সভাপতি ও গোলাম মো. নাসির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরি সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল কাদের মিয়া, সহসভাপতি মো. কালাম মাতুব্বর ও আলমগীর হোসেন, সহসাধারণ সম্পাদক মো. মিলন বয়াতি ও মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী আরিফুজ্জামান। এ ছাড়া কার্যকরি সদস্য হয়েছেন মো. জাকির শেখ, মো. জাকির খান, মো. কাবুল ফকির, আনন্দ কুমার বিশ্বাস, শেখ মঙ্গল, মো. তৈয়বুর রহমান, শেখ হারুন, মোসলেম মণ্ডল, ইমরুজ জামান, মো. সেকু শেখ ও শেখ মোস্তাক।২০ মার্চ রাতে ফরিদপুর প্রেসক্লাবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানান সাধারণ সম্পাদক প্রার্থী ইলিয়াস মোল্লা। লিখিত অভিযোগে ইলিয়াস মোল্লা বলেন, ‘আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বুথ থেকে ভোট গণনা করা হয়নি। সব বুথ থেকে ব্যালট বাক্স একটি ঘরে জড়ো করে ভোট গণনা করা হয়। এ সময় পোলিং এজেন্টদের কোনো স্বাক্ষর নেওয়া হয়নি। ভোট গণনার সময় পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। ব্যালট বাক্সে নকল সিল মারা নকল ব্যালট পেপার পাওয়া গেছে। আবার ভোট গণনা করা হোক।’২২ মার্চ ভোট পুনর্গণনার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে পরাজিত দুই সভাপতি প্রার্থী অবদুল মান্নান হাওলাদার ও ইসমাইল হোসেন এবং ইলিয়াস মোল্লা বক্তব্য দেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে ভোট পুনর্গণনার দাবি জানান।গত ২৪ মার্চ নির্বাচনে পরাজিত দুজন সভাপতি প্রার্থী জেলার সিনিয়র সদর সহকারী বিচারক আবু তাহেরের আদালতে নির্বাচনী ফলাফল স্থগিত করার আবেদন জানিয়ে দুটি মামলা করেন। আদালত ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ (শিক্ষা) সাতজনকে সমন দিয়েছেন। আগামী ২৬ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হয়ে বা কৌঁসুলির মাধ্যমে এই সমনের জবাব দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।এরপর ওই দিন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তড়িঘড়ি করে নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে জেলা প্রশাসন। রাতে নবনির্বাচিত সদস্যরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।২৫ মার্চ পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী একই আদালতে নির্বাচনের ফলাফল বাতিল করার আবেদন জানিয়ে আরেকটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নির্বাচনের ফলাফল স্থগিত করেছেন। এ ছাড়া ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ (শিক্ষা) ওই মামলার পাঁচজন আসামিকে শোকজ করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।আদালত যাঁদের শোকজ করেছেন, তাঁরা হলেন সাধারণ সম্পাদক প্রার্থী মো. গোলাম নাসির এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুন চন্দ্র মহোত্তম, সহকারী তিন নির্বাচন কমিশনার জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল বারি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।নবনির্বাচিত সভাপতি জুবায়ের জাকির বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। কিন্তু একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য নানা বাহানার আশ্রয় নিচ্ছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। কোনো কিছু দিয়ে সত্য চাপা রাখা যায় না।’নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুণ চন্দ্র মহোত্তম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আদালতে গেছে, আদালতেই এর ফয়সালা হবে। আমি যথাসময়ে শোকজের জবাব দেব। আদালত যে রায় দেবেন, আমরা তা মেনে নেব।’