তিনটি রাজনৈতিক হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তিনটি সরকারি হাসপাতাল। কিন্তু এর একটিতেও চিকিৎসাসেবা পাওয়া যায় না। হাসপাতালগুলোর একটি মাদকসেবীদের আখড়া, একটিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) কার্যালয়, আর অন্যটিতে চলাচলের রাস্তা নেই, নেই বিদ্যুৎ-সংযোগও। এখানকার মানুষ বুড়িগঙ্গা পেরিয়ে ঢাকায় আসে চিকিৎসা নিতে।জোট সরকারের শেষদিকে কোন্ডা ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, কেরানীগঞ্জ (জিনজিরা) ২০ শয্যা হাসপাতাল ও হজরতপুর সরকারি হাসপাতাল—এ তিনটি হাসপাতাল তৈরি হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমল পর্যন্ত এগুলো কোনোরকমে চলেছিল।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ভোট পাওয়ার আশায় প্রভাব খাটিয়ে হাসপাতালগুলো নির্মাণ করেন। ২০০৬ সালের ৭ জুলাই হাসপাতাল তিনটি উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কোন্ডা ইউনিয়নের আইন্তা এলাকার বাসিন্দা একলাছ মিয়া বলেন, ‘আমানউল্লাহ আমান ভোট পাওয়ার জন্য হাসপাতাল নির্মাণ করেছিলেন। শুরু থেকেই কোন্ডা হাসপাতালে ডাক্তার, ওষুধ ঠিকমতো পাওয়া যায়নি। এলাকার মানুষ ঢাকায় গিয়ে চিকিৎসা করায়।’আমানউল্লাহ আমান দেশে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন আহাম্মেদ বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলো করা হয়েছিল, ভোটের জন্য নয়। তিনি বলেন, ‘র‌্যাবের ভয়ে রোগী জিনজিরা হাসপাতালে যেতে চায় না। র‌্যাব কার্যালয়টি অন্যত্র সরিয়ে হাসপাতালটি পূর্ণোদ্যমে চালু করা উচিত।’ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, হাসপাতালগুলো চালু করতে দুই বছর ধরে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য লোকবল কী কারণে দরকার, তার বিস্তারিত প্রতিবেদন তিনি প্রধানমন্ত্রীর দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়েছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না।তবে স্বাস্থ্য অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি যে স্বাস্থ্যসেবা অবকাঠামো আছে, তার বাইরে গিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালগুলো করা হয়েছিল। তখন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতামত আমলে নেওয়া হয়নি। তিনি বলেন, বর্তমান কাঠামোর মধ্য থেকে এসব হাসপাতালে জনবল, ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ করা প্রায় অসম্ভব।কোন্ডা হাসপাতালটি মাদকসেবীদের!: উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে হাসনাবাদ-জাজিরা সড়কের দলেশ্বরে ১০ শয্যাবিশিষ্ট কোন্ডা হাসপাতাল। দানসূত্রে পাওয়া ৯৮ শতাংশ জমির ওপর দুই কোটি তিন হাজার ৬৩৪ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মিত হয়। আশপাশে বাড়িঘর নেই। বুকসমান উঁচু ঘাসের মধ্যে চারটি দ্বিতল ভবন। ভবনগুলোর সব জানালার কাচ ভাঙা। ময়লা-আবর্জনার স্তূপ মাড়িয়ে একটি ভবনের ভেতরে ঢুকতেই দেখা যায়, মেঝেতে অসংখ্য সিরিঞ্জ, বিড়ি-সিগারেটের অবশেষ, সিগারেটের প্যাকেটের রাংতা, ছাই। সব কটি ভবনের একই অবস্থা।বারান্দায় বেঞ্চ ও চেয়ার পেতে বসে ছিলেন দুজন। একজনের নাম এম এ রাজ্জাক, ফার্মাসিস্ট। অন্যজন চিকিৎসা সহকারী রুহুল আমিন। রুহুল আমিন জানান, আট মাস আগে তিনি এখানে প্রেষণে আসেন। নিচতলার একটি ঘর পরিষ্কার করে টেবিল-চেয়ার পাতেন রোগী দেখার জন্য। কিন্তু দিন কয়েক পরই জানালা ভেঙে কে বা কারা ঘর তছনছ করে যায়।ট্রান্সফরমার চুরি হওয়ায় হাসপাতালে বিদ্যুৎ নেই। শয্যা ১০টিও চুরি হয়ে গেছে। ‘সইন্ধা নামলেই এইখানে গাঞ্জা, হেরোইনের আড্ডা বসে। আর রাতে অসামাজিক কাজ-কামও চলে।’ বললেন রাজ্জাক।হাসপাতালে কেউ চিকিৎসার জন্য যায় না। দলেশ্বর পশ্চিমপাড়ার জাকির বলেন, ‘ওইহানে গিয়া কী হইব? ডাক্তার, চিকিৎসা, ওষুধপাতি—কিচুই তো নাই। গেলেই কয়, নাই আর নাই।’কয়েক শ গজ দূরে কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেনের বাড়ি। তিনি বলেন, হাসপাতালে চুরি ঠেকাতে বিভিন্ন সময় পুলিশকে বলা হয়েছে। রক্ষণাবেক্ষণের কেউ না থাকায় এমন উৎপাত হচ্ছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দাবি করেন, মাদকসেবীদের আড্ডা ও চুরির ঘটনা পুলিশকে আগে কেউ জানায়নি।হাসপাতালে থাকে র‌্যাব!: চর রঘুনাথপুর মৌজায় দশমিক ৭৫ একর জমির ওপর কেরানীগঞ্জ (জিনজিরা) ২০ শয্যা হাসপাতালটি তৈরিতে ব্যয় হয় তিন কোটি ৫৯ লাখ ৬৮ হাজার টাকা। সাড়ে চারতলা হাসপাতাল ভবনের প্রধান ফটকে দুটি সাইনবোর্ড। একটিতে হাসপাতালের নাম। তা রং দিয়ে ঝাপসা করে দেওয়া। তার ওপরের সাইনবোর্ডে লেখা ‘র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০’। হলুদ বর্ণের চকচকে অক্ষরগুলোই এখন দূর থেকে চোখে পড়ে।ভেতরে ঢুকতেই র‌্যাব সদস্যদের প্রশ্ন: ‘কোথায় যাবেন?’ হাসপাতাল বলায় দোতলার সিঁড়ি দেখিয়ে দেন। দোতলার একটি কক্ষে কথা হয় চিকিৎসা সহকারী সামিরা সুলতানার সঙ্গে। দুই বছর আগে প্রেষণে এসেছেন। চিকিৎসা কর্মকর্তা দুজনই ছুটিতে ছিলেন।হাসপাতালের একটি সূত্র জানায়, র‌্যাব এখানে প্রায় সাড়ে তিন বছর ধরে আছে। দ্বিতীয় তলা ছাড়া সাড়ে চারতলা ভবনটির বাদবাকি তারাই ব্যবহার করে। হাসপাতালের ২০টি শয্যা, কিছু আসবাবও র‌্যাব সদস্যরা ব্যবহার করছেন। এরই মধ্যে বিল বাকি পড়ায় হাসপাতালটিতে আট মাস ধরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। তবে একই ভবনে র‌্যাবের কার্যালয়ে বিদ্যুৎ আছে। তাদের মিটার ভিন্ন।হাসপাতালে গিয়ে ওষুধ, সেবা, চিকিৎসক পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন রসুলপুরের তাজুল ইসলাম ও গোলজারবাগের আবদুল মালেক।কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির আহ্বায়ক নাজিমউদ্দিন আহম্মেদ বলেন, হাসপাতালে র‌্যাবের কার্যালয় হওয়াটা দুঃখজনক। ২০০৬ সাল থেকে প্রথম দুই-তিন বছর হাসপাতালটি ভালো চলেছিল। বর্তমানে সেখানে চিকিৎসার পরিবেশ নেই।র‌্যাব-১০-এর সাবেক পরিচালক এস এম কামাল হোসেন প্রথম আলোকে জানান, দুই বছর ধরে র‌্যাব হাসপাতাল ভবনটি ব্যবহার করছে। তিনি দাবি করেন, এর আগে ভবনটি সম্পূর্ণ খালি পড়ে ছিল। সিভিল সার্জন তাঁদের থাকার অনুমতি দিয়েছেন। র‌্যাব থাকায় হাসপাতালে ঢুকতে রোগীরা অস্বস্তি বোধ করে কি না—জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘মোটেই না।’চিকিৎসা কর্মকর্তা আয়শা খাতুন জানান, সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁদের ওষুধ সরবরাহ করা হয়। ওষুধের সরবরাহ থাকলে রোগী থাকে।রাস্তা-বিদ্যুৎ ছাড়াই হাসপাতাল: দানসূত্রে পাওয়া এক একর জমির ওপর তৈরি হজরতপুর সরকারি হাসপাতাল। কেরানীগঞ্জ সদর থেকে ২৫ কিলোমিটার দূরে হাসপাতালটি আমানউল্লাহ আমানের বাড়ির কাছেই। হাসপাতালের প্রধান রাস্তাটি সরু ও জঙ্গলাকীর্ণ। অন্য একটি রাস্তা দিয়ে হাসপাতালের একটি ফটকে পৌঁছানো যায়, তবে ফটকটিতে তালা। উঁচু ঘাস ও লতাপাতা মাড়িয়ে ভেতরে ঢুকে তিনজনকে পাওয়া গেল। এঁদের একজন চিকিৎসা সহকারী সাইফুল ইসলাম এবং বাকি দুজন কর্মচারী। তাঁরা জানান, চার-পাঁচ মাস আগে ট্রান্সফরমার চুরি যাওয়ায় তাঁরা বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। চিকিৎসা কর্মকর্তাকে পাওয়া যায়নি।হজরতপুর বাজারের ব্যবসায়ী মো. শহীদুল্লাহ বলেন, এখানকার লোকজন ওই হাসপাতালে যায় না। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘এখানে রোগী আসে না। কারণ, ডাক্তার নেই।’ ট্রান্সফরমার চুরির ঘটনা তিনি জানেন। হাসপাতালের ফটক খোলা থাকলে ছেলেরা সেখানে গিয়ে আড্ডা দেয়। তাই সেটি বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।হাসপাতালগুলোর তদারকির দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা খাতুন প্রথম আলোকে বলেন, কোন্ডা ও হজরতপুর হাসপাতাল দুটি এখনো অনুমোদন পায়নি। জিনজিরার ২০ শয্যার হাসপাতালটি বরাদ্দ না থাকায় পুরোপুরি চালু করা যাচ্ছে না।