মানবতাবিরোধী অপরাধের বিচার: ট্রাইব্যুনালের ৩ বছর
তিনটি রায় হয়েছে আরও দুটি মামলা শেষ পর্যায়ে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে তিনটি মামলার রায় হয়েছে। চলতি বছরের প্রথম দুই মাসের মধ্যে এ তিনটি রায় ঘোষণা করা হয়। এ ছাড়া শেষ পর্যায়ে চলে এসেছে বিচারাধীন দুটি মামলার কার্যক্রম।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর ২০১২ সালের ২২ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হয়।ট্রাইব্যুনাল-২ মাত্র এক বছরের মধ্যে গত ২১ জানুয়ারি প্রথম রায় ঘোষণা করেন। সেই রায়ে মুক্তিযুদ্ধকালের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর ৫ ফেব্রুয়ারি একই ট্রাইব্যুনাল একই অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর ট্রাইব্যুনাল-১ প্রথম মামলার রায় দেন ২৮ ফেব্রুয়ারি। এ রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।দুই ট্রাইব্যুনালে বিচারাধীন আরও দুটি মামলার কার্যক্রম শেষ পর্যায়ে চলে এসেছে। ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে, চলছে আসামিপক্ষের পালা। এটা শেষ হলেই রায়ের জন্য দিন ধার্য করা হবে। ট্রাইব্যুনাল-২-এ আরেকটি মামলার কার্যক্রম শেষ পর্যায়ে চলে এসেছে। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তাধীন ১১ জনের মধ্যে আরও তিনজনের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শেষ হতে পারে। তদন্ত সংস্থা আশা করছে, এপ্রিলের মধ্যে এ তিনটি তদন্ত শেষ হবে। তবে তারা জানিয়েছে, আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা জনবলকাঠামোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তারা নতুন কোনো তদন্ত শুরু করবে না।তিন বছরে তিনটি মামলার রায় দিলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো জনবল ও অবকাঠামোর দিক থেকে স্বয়ংসম্পন্ন হতে পারেননি। প্রায় এক বছর পর জনবলকাঠামো অনুমোদিত হলেও নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় নিয়োগ-প্রক্রিয়া আটকে আছে।মামলাগুলোর বর্তমান অবস্থা: বর্তমানে দুই ট্রাইব্যুনালে সাতটি মামলার বিচার চলছে। এর মধ্যে দুটি মামলা রয়েছে শেষ পর্যায়ে। বাকি পাঁচ মামলার মধ্যে তিনটি রয়েছে মাঝপর্যায়ে, একটি শুরুর দিকে। আরেকটিতে এখনো অভিযোগ গঠিত হয়নি।ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলাটি মাঝপর্যায়ে রয়েছে। এতে রাষ্ট্রপক্ষে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ২৩টি, তাতে আরও সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। সবচেয়ে পিছিয়ে থাকা নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষে মাত্র তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ ট্রাইব্যুনালে সম্প্রতি আরেকটি মামলা যোগ হয়েছে। এটি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে। ৪ এপ্রিল থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হবে।ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মামলা দুটিও মাঝপর্যায়ে রয়েছে। মুজাহিদের বিরুদ্ধে সাতটি অভিযোগের বিপরীতে রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আর বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১২ জন, তাঁর বিরুদ্ধে অভিযোগ ১৭টি।স্কাইপ বিতর্ক ও বিচারপতির পদত্যাগ: মানবতাবিরোধী অপরাধের বিচারে বড় ধরনের ধাক্কা লাগে ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে এক প্রবাসী আইন বিশেষজ্ঞের কথোপকথন ফাঁস হওয়ার পর। গত বছরের ৬ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর একটি আদেশের মাধ্যমে প্রথম জানা যায়, বেলজিয়াম প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে বিচারপতি নিজামুল হক স্কাইপে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। ৯ ডিসেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে ধারাবাহিকভাবে ওই কথোপকথন ছাপা হওয়া শুরু হলে ১১ ডিসেম্বর নিজামুল হক পদত্যাগ করেন। ১৩ ডিসেম্বর একসঙ্গে দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান করা হয়, ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে একই ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়।স্কাইপ বিতর্ক ও এর পরিপ্রেক্ষিতে বিচারপতির পদত্যাগ যেমন একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়, তেমনি পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচার-প্রক্রিয়া সাময়িকভাবে স্থবির হয়ে যায়। আসামিপক্ষ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলাগুলো পুনর্বিচারের আবেদন জানায়। এগুলো নিষ্পত্তি করে সাঈদীর বিরুদ্ধে মামলায় আবার যুক্তি উপস্থাপন করতে হয়। প্রায় দুই মাস ধরে এগুলোর মীমাংসা হয়। এরপর বিচার-প্রক্রিয়া আবার আগের গতিতে ফিরে আসে।তদন্ত চলছে ১১ জনের বিরুদ্ধে: তদন্ত সংস্থা জানিয়েছে, চলতি বছরের এপ্রিলের মধ্যে আরও তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শেষ হতে পারে। তাঁরা হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী ও ফরিদপুরের এম এ জাহিদ হোসেন।এ ছাড়া জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফ ও আবদুস সুবহান, বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হবিগঞ্জের জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সার, যশোরের সাখাওয়াত হোসেন, পটুয়াখালীর রুস্তম আলী শিকদার, খুলনার আমজাদ মিনা ও রাজশাহীর লাহার আলী শাহের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে।এদিকে তদন্ত সংস্থার জন্য ৩৫১ জনের জনবলকাঠামো অনুমোদনের পরও আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে। প্রায় এক বছরের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার পর গত বছরের নভেম্বরে তদন্ত সংস্থার জনবলকাঠামোটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি পায়। কিন্তু চলতি বছরের শুরুতে এ প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করা হয়। ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তদন্ত সংস্থার সঙ্গে আলোচনা করার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।এ প্রসঙ্গে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পরও আমলাতান্ত্রিক জটিলতায় চার মাস ধরে তদন্ত সংস্থার পূর্ণাঙ্গ অবকাঠামো কার্যকর করা সম্ভব হচ্ছে না। কাঠামো চূড়ান্ত না হলে নতুন কোনো তদন্ত শুরু করা হবে না। তিনি জানান, সংস্থায় মানবতাবিরোধী অপরাধের সাড়ে পাঁচ শ অভিযোগ তদন্তের অপেক্ষায় আছে।সংকট কাটেনি ট্রাইব্যুনালেও: তিন বছরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবকাঠামোগত সংকট কাটেনি। এক বছরের আমলাতান্ত্রিক প্রক্রিয়া শেষে গত বছরের ১৩ ডিসেম্বর দুই ট্রাইব্যুনালের জন্য ৮৩ জনের জনবলকাঠামো চূড়ান্ত হয়। কিন্তু নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় এ কাঠামো কার্যকর করা যাচ্ছে না। তিন বছরেও ট্রাইব্যুনালের জন্য ওয়েবসাইট তৈরি হয়নি।জানতে চাইলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের নিয়োগবিধি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। এরপর আরও কিছু আমলাতান্ত্রিক বিষয় আছে। বিধি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কাঠামো অনুসারে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। জনবলসংকটে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজস্ব জনবল না থাকায় অন্য প্রতিষ্ঠান থেকে কর্মী ধার করে প্রশাসন চালাতে হচ্ছে। এতে ভালো কাজ পাওয়া যায় না। ওয়েবসাইটের বিষয়ে তিনি বলেন, ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে। দ্রুত এটা শেষ করার চেষ্টা চলছে।