তিনটি সংশোধন, একটি বাতিল ও একটি নতুন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 স্মোক নুইসেন্সেস অ্যাক্ট বাতিলের সুপারিশ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ধারা ২-এর দফা (ক)-এ বিদ্যমান ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা’র স্থলে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ প্রতিস্থাপন করার সুপারিশ পিওর ফুড অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ক্যান্টনমেন্টস পিওর ফুড অ্যাক্টের বেত্রদণ্ডের বিধান বিলোপের সুপারিশ ১৯৭০ সালের ৫ নম্বর অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করার সুপারিশবাংলাদেশ কোডের তিনটি আইন সংশোধন এবং একটি নতুন আইন প্রণয়নের সুপারিশ করেছে আইন কমিশন। বিভিন্ন চুল্লি থেকে নির্গত ধোঁয়ার উপদ্রব কমানো-সংক্রান্ত ‘দ্য স্মোক নুইসেন্সেস অ্যাক্ট, ১৯০৫’ বাতিলেরও সুপারিশ করেছে কমিশন। কমিশন প্রায় দেড় মাস ধরে বাংলাদেশ কোডের পাঁচটি আইন পর্যালোচনা করে গত মাসের (ডিসেম্বর) শেষ সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে এই সুপারিশ করেছে। এর মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫; পিওর ফুড অর্ডিন্যান্স, ১৯৫৯ এবং দ্য ক্যান্টনমেন্টস পিওর ফুড অ্যাক্ট, ১৯৬৬ সংশোধনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত ১৯৭০ সালের ৫ নম্বর অধ্যাদেশ বাতিল করে এ বিষয়ে নতুন আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।এ ব্যাপারে আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কমিশনের কর্মপরিকল্পনা অনুসারে বাংলাদেশ কোডের পাঁচটি আইন পর্যালোচনা করে তিনটি সংশোধন, একটি বাতিল ও একটি নতুন আইন প্রণয়নের সুপারিশ করে ২৬ ডিসেম্বর মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।আইন কমিশন সূত্র জানায়, প্রতিবেদনে স্মোক নুইসেন্সেস অ্যাক্ট, ১৯০৫ বাতিলের সুপারিশ করে বলা হয়েছে, এই অ্যাক্টে মূল কাজ হিসেবে ইটভাটার চুল্লি, ধাতব পদার্থ প্রক্রিয়াকরণ কারখানার চুল্লি ও কোক উৎপাদনের কথা বলা হয়েছিল। কিন্তু ইটভাটার চুল্লি-সংক্রান্ত বিষয় ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনে অন্তর্ভুক্ত করায় এ ক্ষেত্রে এখন অ্যাক্টটি প্রযোজ্য নয়। ধাতব পদার্থ প্রক্রিয়াকরণ কারখানার চুল্লি, কোক উৎপাদনসহ সব শিল্প বা প্রকল্প এবং তা থেকে ধোঁয়াসহ পরিবেশদূষক ধোঁয়া বা গ্যাস বা তরল পদার্থ নির্গমন ইত্যাদি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭-এ অন্তর্ভুক্ত হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এসব আইন ও বিধিমালা প্রয়োগ এবং অনুসরণ করায় স্মোক নুইসেন্সেস অ্যাক্ট অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন: এই আইন সংশোধনের সুপারিশ করে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর তফসিলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভ্রাম্যমাণ আদালত আইনের ৬ ধারা অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে বর্ণিত অপরাধ সংঘটনকারীকে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করতে পারেন। কিন্তু ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ১৪-এর উপধারা (২) অনুসারে ‘কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতিরেকে কোনো আদালত এই আইনের অধীনে অপরাধ বিচারের জন্য গ্রহণ করিবেন না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ধারা ১০ অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ হিসেবে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে সমস্যা হয় না। কিন্তু মহানগর এলাকায় উপজেলা নেই। সাধারণত জেলা সদরে কর্মরত সহকারী কমিশনাররা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁরা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৯ ধারায় উল্লেখিত কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে ধারা ১৪-এর বিধানহেতু ধারা ৪ অনুসারে পাবলিক প্লেস বা গণপরিবহনে ধূমপানরত ব্যক্তিকে চার্জ করার ব্যাপারে বিভ্রান্তিতে ভোগেন। তাই ধারা ২-এর দফা (ক)-এ বিদ্যমান ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা’র স্থলে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ প্রতিস্থাপন করা হলে প্রয়োগ সহজ হবে।প্রতিবেদনে বলা হয়, আইনটির ধারা ১-এর উপধারা (২)-তে আছে, ‘সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে যে তারিখ নির্ধারণ করবে, সেই তারিখে এই আইন কার্যকর হবে।’ তবে শর্ত আছে, বিভিন্ন ধারা কার্যকরের জন্য ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা যাবে। এই বিধান খুব বিভ্রান্তিকর। প্রতিবেদনে সমস্যাটি সমাধানে ধারা ১-এর উপধারা (২) সংশোধন করে আইনটি সরকারি গেজেটে প্রকাশের তারিখ ১৫ মার্চ, ২০০৫ হতে কার্যকর করা হয়েছে মর্মে বিধান করার প্রস্তাব করা হয়েছে।পিওর ফুড অর্ডিন্যান্স, ১৯৫৯: এটি সংশোধনের প্রস্তাব করে বলা হয়, অধ্যাদেশটির ধারা ২(৩এ), ৪১, ৪১বি এবং ৪১সি-তে পিওর ফুড কোর্ট স্থাপনের বিধান আছে। কিন্তু এভাবে বিশেষায়িত আদালত গঠনের মতো উদ্বৃত্ত জনশক্তি বিচার প্রশাসনে নেই। প্রতিবেদনে বলা হয়, অধ্যাদেশটি ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর তফসিলভুক্ত করায় বিশেষায়িত পিওর ফুড কোর্টের বিধান রাখার যৌক্তিকতা নেই। তাই অধ্যাদেশ ও আইনের বিধান সমরূপ করতে অধ্যাদেশে পিওর ফুড কোর্টের বিধান বাদ দিয়ে বিচারের এখতিয়ার মহানগরে মহানগর ম্যাজিস্ট্রেট ও মহানগর-বহির্ভূত এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ওপর অর্পণ করা অধিক যুক্তিসম্মত।ক্যান্টনমেন্টস পিওর ফুড অ্যাক্ট, ১৯৬৬: এটি সংশোধনের প্রস্তাব করে প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে ২৭ নম্বর আইনের মাধ্যমে পিওর ফুড অর্ডিন্যান্স, ১৯৫৯ ব্যাপক সংশোধন করা হলেও ২৩ ধারায় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের নিম্নপরিমাণ ১০০ টাকাই রয়ে গেছে। এটা সমীচীন নয়। এ ছাড়া ধারা ২৩-এ বেত্রদণ্ডের বিধান রয়েছে। কিন্তু সমঅপরাধের জন্য পিওর ফুড অর্ডিন্যান্সে বেত্রদণ্ডের বিধান নেই, যা একই দেশে একই বিষয়ে আইনের বৈপরীত্য। তাই এর ধারা ২৩ সংশোধন করে দণ্ডের রকম ও পরিমাণ সমরূপ করা এবং বেত্রদণ্ডের বিধান বিলোপের সুপারিশ করেছে কমিশন।১৯৭০ সালের ৫ নম্বর অধ্যাদেশ: ১৯৭০ সালের ২৬ ফেব্রুয়ারি অধ্যাদেশটি হলেও এ পর্যন্ত এর ধারা ১-এর উপধারা (৩) অনুসারে সরকার কোনো প্রজ্ঞাপন জারি করেনি। ফলে ৪২ বছরে অধ্যাদেশটি কার্যকর হয়নি। তাই এ অধ্যাদেশ বাতিল করে সময়োপযোগী নতুন আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিশন।জানা যায়, এ বিষয়ে নতুন আইনের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন।