তিনটি স্কুল ভর্তির অতিরিক্ত ৯ কোটি টাকা ফেরত দেয়নি
চূড়ান্ত নোটিশ দেওয়ার সময় শেষ হওয়ার পরও রাজধানীর তিনটি নামকরা বিদ্যালয় ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়নি। মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করার সুযোগ থাকলেও তা কেউ মানেনি। তবে প্রতিটি বিদ্যালয় নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করে শিক্ষা কর্তৃপক্ষের নোটিশের জবাব দিয়েছে।মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বলেছে, নতুন হিসেবে মুগদা শাখার পেছনে টাকা খরচ হয়ে যাওয়ায় এবার অতিরিক্ত টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। পরিচালনা কমিটি না থাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সিদ্ধান্ত নিতে পারছে না বলে জানিয়েছে। আর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অতিরিক্ত টাকার বিষয়ে কারণ ব্যাখ্যা করেছে।এ অবস্থায় কী পদক্ষেপ নেওয়া হবে, জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেছেন, ‘আমরা এখন নোটিশের জবাবগুলো পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করব। মন্ত্রণালয়ের নির্দেশেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’রাজধানীর নামকরা এই তিনটি বিদ্যালয় এবার ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত নয় কোটি ৩১ লাখ ২৮ হাজার ১০০ টাকা আদায় করে। এর মধ্যে মনিপুর স্কুলে অতিরিক্ত টাকা আদায় করা হয় পাঁচ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ১০০ টাকা। এই বিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ কয়েকটি শাখায় তিন হাজার ৫৪ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়। বিদ্যালয়টি মূল ক্যাম্পাসসহ এর কয়েকটি শাখায় তিন হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তি করে। এই বিদ্যালয়ের মুগদা শাখা মোটা অঙ্কের অনুদান নিয়েও শিক্ষার্থী ভর্তি করে। ভিকারুননিসা স্কুলে অতিরিক্ত টাকা নেওয়া হয় ৬৮ লাখ ১৭ হাজার ১০০ টাকা। খোদ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটির প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে আসে।শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যালয়ে ভর্তির সময় অতিরিক্ত টাকা ফেরত বা মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করার জন্য গত জানুয়ারির শেষে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। এরপর কিছু প্রতিষ্ঠান সমন্বয় করলেও এই তিনটি প্রতিষ্ঠান তা করেনি। এ অবস্থায় গত জুলাই মাসের শুরুতে মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই তিনটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত টাকা ফেরত বা সমন্বয়ের জন্য এক মাসের সময় দিয়ে নোটিশ দেয়। এই সময়ের মধ্যে তা না করলে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয় নোটিশে।কিন্তু এক মাস সময় পার হলেও টাকা ফেরত দেওয়া হয়নি।জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘নোটিশ পাওয়ার পর আমরা সেটি পরিচালনা কমিটির সভায় উত্থাপন করি। সে আলোকে আমরা জবাবে বলেছি, যেহেতু অতিরিক্ত টাকা নতুন শাখা হিসেবে মুগদা শাখার পেছনে খরচ হয়ে গেছে, তাই এবার আর টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তবে আগামী বছর ভর্তির সময় সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।’ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে তিন মাস ধরে পরিচালনা কমিটি নেই। এ জন্য এত বড় সিদ্ধান্ত শুধু শিক্ষকদের পক্ষে নেওয়া সম্ভব নয়। তাই আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটি গঠন পর্যন্ত সময় চেয়েছি।’ বিদ্যালয়ের একটি সূত্র বলেছে, মামলা থাকায় পরিচালনা কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না।মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা যথাযথভাবে নোটিশের জবাব দিয়েছি। কী কারণে বেশি টাকা নেওয়া হয়েছে, তার কারণও ব্যাখ্যা করা হয়েছে।’ এর বাইরে তিনি কিছু বলতে চাননি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী ‘ভর্তির ফরম এবং ভর্তির ফি বাবদ সরকার কর্তৃক নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না, করলে সরকার এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’