সিলেটে পৌঁছেছেন খালেদা, কাল জনসভা
তিনবার প্রধানমন্ত্রী হয়েছি, এখন দেশ রক্ষা করতে চাই
বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর আজ রাত সোয়া ১১ টার দিকে সিলেট শহরে পৌঁছায়। রাতে সিলেট সার্কিট হাউসে থাকবেন খালেদা জিয়া ও অন্য নেতারা। কাল মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে রোডমার্চের প্রথম কর্মসূচি শেষ হবে।এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমি তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। এখন প্রধানমন্ত্রী নয়, জালিম সরকারের হাত থেকে দেশ রক্ষা করতে চাই।’ তিনি বলেন, এই সরকার অবৈধ ও স্বৈরাচারী সরকার। তারা ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সঙ্গে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে ঢাকা থেকে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘বিএনপিও ট্রানজিট চুক্তি করতে চেয়েছিল, কিন্তু দেশের স্বার্থবিরোধী হবে বলে তা করেনি। তাই এ চুক্তি মানি না, এটি অসম চুক্তি।’ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার একটি দলকে শেষ করে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু তা হতে হবে আন্তর্জাতিক মানের।’ তিনি বলেন, বিদেশ থেকে আইনজীবী আনতে হবে। তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের দলেও যেসব যুদ্ধাপরাধী রয়েছে, তাদেরও বিচার করতে হবে।খালেদা জিয়া বলেন, জামায়াতে ইসলামীকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। তারা মাঠে নামলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজনীতিবিদের ডান্ডাবেড়ি পরানোর জন্য তিনি সরকারের কড়া সমালোচনা করেন।আজ সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকে। পরে পৌনে ছয়টায় তাঁর গাড়িবহর সিলেটের উদ্দেশ বিশ্বরোড মোড় ছেড়ে চলে যায়। এর আগে কিশোরগঞ্জের ভৈরবের পথসভায় খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। আমরা যা বলি, গণমাধ্যমে তা প্রচার করা হয় না। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে।’খালেদা জিয়া বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট নির্মাণের কথা বলে সরকার কোটি কোটি টাকা দুর্নীতি করছে। তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতির কারণে পদ্মা সেতু হচ্ছে না। ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতিমুক্ত পদ্মা সেতু নির্মাণ করবে বলে দাবি করেন খালেদা জিয়া। এদিকে নরসিংদীতে এক পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার অরাজকতার সরকার, তারা নির্বাচনের আগে আপনাদের দেওয়া কোনো ওয়াদা পালন করে নাই। আর করতেও পারবে না। তারা আপনাদের বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে। তারা তাদের ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছে। কিন্তু ক্ষমতায় এলে আমরা শিক্ষিত বেকার ভাইদের একটি সম্মানজনক পেশায় নিয়োজিত করব।’ তিনি বলেন, সরকার এই সোনার বাংলাকে ভারতের কাছে বিলিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। তিনি বলেন, নরসিংদী তাঁতি ভাইদের এলাকা, কিন্তু তারা শিল্পসমৃদ্ধ নরসিংদীসহ সব শিল্পাঞ্চলকে জিম্মি করে ফেলেছে। তারা পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে ব্যস্ত। তাই তারা সীমান্ত খুলে দিয়ে অবাধে বাইরের সুতা আমদানি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকার ভারতকে নিয়ে ব্যস্ত বলে তিনি অভিযোগ করেন। এরআগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবোতে প্রথম পথসভায় খালেদা জিয়া বলেছেন, ‘আমি এসেছি সরকারবিরোধী আন্দোলনে আপনাদের আমন্ত্রণ জানাতে, আপনারা এই আন্দোলনে শরিক হোন।’ পথে খালেদা জিয়া উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীর উদ্দেশে এ আমন্ত্রণ জানান। বিরোধীদলীয় নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকারকে তাদের বিদেশি প্রভুরা ক্ষমতায় এনেছে অভিযোগ করে খালেদা বলেন, এখন তারাই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। এ অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের ঋণ স্থগিত করে দিয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ১১টার দিকে এই রোডমার্চ কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা ২০ মিনিটে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে রওনা হয়ে ১০টা ৫২ মিনিটে নয়াপল্টনে পৌঁছান। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে রোডমার্চের উদ্দেশে গাড়িবহর ছেড়ে যায়। সিলেট যাওয়ার পথে তারাব ও নরসিংদীর ইটখোলা, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার কড্ডাপাড়া ছাড়াও পথসভাগুলো হবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজার জেলার শেরপুরে। এরপর রোডমার্চের বহরটি সিলেটে পৌঁছায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চার দল এ কর্মসূচি পালন করছে। এরপর ১৮ অক্টোবর ঢাকা থেকে রাজশাহী এবং তারপর চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখে রোডমার্চ হবে। আর ২৫ অক্টোবর ময়মনসিংহে জনসভা করবে চার দল।বিএনপির রোডমার্চ ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখা যাবে। ওয়েবসাইটটি হলো: www.bnplive.com