তিনবিঘা ২৪ ঘণ্টা খোলা রাখার উদ্যোগ, আপত্তি তৃণমূলের
ভারত সরকার বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার উদ্যোগ নিয়েছে। ছিটমহলবাসীর যাতায়াতের সুবিধার জন্য একটি ফ্লাইওভার (উড়ালসড়ক) তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখন এতে বাদ সেধেছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কোচবিহার শাখা ও ফরোয়ার্ড ব্লক।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে এক চিঠিতে তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার কথা জানিয়েছে। এতে বলা হয়, করিডরে ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করা হবে।তিনবিঘা করিডরটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কুচলিবাড়ী থানার অন্তর্গত। এখন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই করিডর খুলে রাখা হয়।এদিকে, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলবাসীর যাতায়াতের সুবিধার জন্য তিনবিঘায় একটি উড়ালসড়ক তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।কিন্তু ছিটমহল ২৪ ঘণ্টা খোলা এবং উড়ালসড়ক নির্মাণে আপত্তি তুলেছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লকের নেতারা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ তাঁদের আপত্তির চিঠি গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন। একইভাবে ফরোয়ার্ড ব্লকের নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী এবং তিনবিঘা অঞ্চলের বিধায়ক পরেশ অধিকারীও আপত্তি তুলেছেন।দুই দলেরই বক্তব্য, করিডর সব সময় খোলা রাখা হলে চোরাচালান বৃদ্ধি পাবে, জঙ্গি অনুপ্রবেশ সহজ হবে এবং নিরাপত্তা বিঘ্নিত হবে।অন্যদিকে, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বলেছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে ছিটমহলে উড়ালসড়ক হলে তাদের আপত্তি নেই। সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘আমরা বরাবরই ছিটমহলের বাসিন্দাদের সুন্দর জীবনযাপনের সুযোগদানের দাবি জানিয়ে আসছি। যাতায়াত সহজ করতে তিনবিঘা করিডর ২৪ ঘণ্টাই খোলা রাখা হলে ছিটমহলবাসী বরং উপকৃতই হবে। তা ছাড়া করিডরের নিরাপত্তাবিধানের জন্য তো নিরাপত্তা বাহিনী থাকছেই।’প্রতিবাদ সভা: এদিকে তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখা এবং করিডরে উড়ালসড়ক নির্মাণের প্রতিবাদে রোববার কোচবিহারের কুচলিবাড়ীর সুপার মার্কেটের সামনে ফরোয়ার্ড ব্লকের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ফরোয়ার্ড ব্লকের স্থানীয় বিধায়ক ও সাবেক মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, জীতেন রায়, সোনু রায়, রামচন্দ্র ওঁরাও, দীনেশ রায় প্রমুখ।