তিনি অবশেষে জেলহাজতে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন শামছুল ইসলাম। অবশেষে স্বাস্থ্য বিভাগের কাছে ধরা পড়ে তাঁর এ পরিচয়পত্র ভুয়া। তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।হবিগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার আজমিরীগঞ্জ বাজারে মেডিকেল স্টোর নামে একটি ফার্মেসিতে দীর্ঘদিন ধরে প্রাইভেট চিকিৎসা দিয়ে আসছিলেন শামছুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ উপজেলার করিমগঞ্জ উপজেলার কামারকেহুন্দা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। তিনি নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক দাবি করে ফার্মেসিতে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেন। শামছুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল থেকে এমবিবিএস পড়াশোনা সম্পন্ন করেছেন এমন প্রচারে উপজেলার নানা স্থান থেকে আসা লোকজন তাঁর কাছ থেকে প্রতিদিন চিকিৎসা নিয়ে আসছিলেন। উপকার না পাওয়া ও প্রতারিত হয়ে লোকজন তাঁর চিকিৎসাপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন, পাশাপাশি তাঁর প্রতি এলাকাবাসীর একসময় সন্দেহের সৃষ্টি হয়। উপজেলার অন্যান্য চিকিৎসকেরাও তাঁকে সন্দেহের চোখে দেখতে থাকেন। পরে বিষয়টি অবহিত করা হয় জেলা স্বাস্থ্য বিভাগকে। হবিগঞ্জের সিভিল সার্জন এক চিঠি দিয়ে তাকে উপস্থিত হতে বলেন। শামসুল ইসলাম সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হলে তাঁর এমবিবিএস সম্পন্ন করার কোনো সনদ দেখাতে পারেননি। জেলা স্বাস্থ্য বিভাগের নানা প্রশ্নে আটকে যান শামছুল ইসলাম। পরে প্রমাণিত হয়, তিনি ভুয়া পরিচয়ে এ চিকিৎসা চালিয়ে আসছেন। সিভিল সার্জনের পক্ষ থেকে খবর দেওয়া হয় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে। পরে একদল পুলিশ সিভিল সার্জন অফিস থেকে তাঁকে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া শামছুল ইসলাম দাবি করেন, তিনি কখনো নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দেননি। সিভিল সার্জন তাঁর কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে গেছেন বলে তিনি দাবি করেন।হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুবিমল সিংহ সাংবাদিকদের জানান, শামছুল ইসলাম এমবিবিএস পাস চিকিৎসক নয়, তার প্রমাণ আমরা পেয়েছি এবং তিনি এমবিবিএস চিকিৎসক দাবি করে মানুষের সঙ্গে প্রতারণার করে আসছিলেন। যে কারণে তাকে পুলিশে দেওয়া হয়েছে।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত শামছুল ইসলামের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়েছে থানায়। এ মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।