তিনি আছেন
আরও অনেকের সঙ্গে তিনিও আমাদের শেকড়মূলে আছেন। কত নামেই না জানি তাঁকে: লালন সাঁই, বাউল লালন, ফকির লালন, পাকিস্তান আমলে তাঁর মাথায় টুপি পরিয়ে মুসলিম অধিকরণের চেষ্টায় এমনকি লালন শাহ নামেও তিনি বর্ণিত হন; কিন্তু তিনি লালনই, আমি তাঁকে লালন নামেই তাঁর চন্দনলেপা কপালসহ জ্যোৎস্নার জলে ধুয়ে ওঠা রূপেই কেবল চিনি। বাড়ির কাছে আরশিনগর তিনি আমাকে দেখান; খাঁচার ভেতর অচিন পাখিটির আসা-যাওয়ায় তাঁরই প্রবর্তনায় আমি অনুভব করে উঠি; তাঁরই অনুভবে রক্তের ভেতরে তুমুল করে জানি জাতপাত কিছু নয়, মানুষটাই আসল; আর তিনিই আমাকে মন্ত্রণা দেন—এই যে আমি পৃথিবীতে এসেছি, এমন মানবজনম আর হবে না।কিন্তু শেকড়মূলে? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবার পরেপরেই সংস্কৃতিক্ষেত্রের মানুষজনের মুখে শেকড় কথাটা খুব উঠে আসে, দেখতে পাই। শেকড় অর্থে যাঁরা আমাদের চেতনা ও মনকাঠামোটি রচনা করেছেন, কিংবা যা ছিলই আমার রক্তপ্রবাহে, তাকে যাঁরা শনাক্ত করেছেন, তাদেরই উপস্থিতির ওই বর্ণনা—শেকড়! শেকড়ে ফিরে যাবার কথা বলা হয়। কথাটা ভুল শব্দে, আসলে—চিনে নেওয়া, জানা, বোধ করে ওঠা। ফিরে যাওয়া তো পশ্চাদ্মুখিতা! এই ভুল করবার কারণেই দেখি কত তরুণের সৃজনকাজে অতীতের প্রতি অবোধ মুগ্ধতা, ফলে সে অতীত থেকে যায় অব্যবহূত, অ-ক্রিয়, পরিণামে একপ্রকার আত্মহত্যাই ঘটে শিল্পপথিকের। শেকড়ের উপমাটি ভালো—আমাদের মানসে যে-শেকড়; কিন্তু ওই উপমা ধরেই একটু এগোলে দেখতে পাব, শেকড় থাকে মাটির তলায়, কিন্তু বৃক্ষটি মাটি থেকে মাথা তুলে আকাশপানে ওঠে, ডালে ডালে সে ছড়িয়ে পড়ে, যেন আলিঙ্গন করতে চায় অসীম নিলীমাকে। এমনটিই তো হবার কথা। শেকড়েই মুখ গুঁজে রাখলে রুখো মাটিই শুধু আমাদের ওষ্ঠে উঠে আসবে, নিম্নেই শুধু চোখ পড়ে থাকবে; ওষ্ঠ উচ্চারণ করবে না নতুন সময়ের নতুন বার্তা, চোখে পড়বে না বিশ্বপ্রবাহ। অগ্রজেরা যা রেখে গেছেন, তাকে শেকড়ের মতো বোধির গভীরে প্রোথিত রেখে বৃক্ষের মতো আমাদের উদ্গত হতে হবে, তবেই শেকড়ের উপযোগিতা; আর এ কথাটিও ভুললে চলবে না যে সেই শেকড়ে মননের জলসেচও নিয়মিত করা চাই, নইলে বৃক্ষটি বাঁচবে না। জাতি-বৃক্ষের ওই শেকড়টিকে শনাক্ত করবার কারণেই কিন্তু পাকিস্তান কালের কৃষ্ণপট ছিঁড়ে আমরা বেরিয়ে এসে আলোয় দাঁড়িয়েছি, নিজেকে বাঙালি বলে অনুভব করে উঠেছি। আত্মপরিচয়টাই আমরা ফিরে পেয়েছি শেকড় চিনে। লালন আছেন সেখানে, সেখানে তিনিও ছিলেন। ছিলেন তিনি ইহজাগতিক চেতনা নিয়ে, মানুষকে ধর্ম নয় তার মানবসত্তা দিয়ে চিনে এবং চিনিয়ে। বাউল তাঁকে বলা হয়, সে তো বাতুল শব্দটি থেকেই জাত; আর, এ বাতুল সেই খ্যাপা যিনি সন্ধান করে ফেরেন। মনে পড়ে, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশপাথর। লালনের পরশপাথর আমাদের সোনা করে তোলে। রবীন্দ্রনাথ তাঁকে চিনেছিলেন, তাঁর অনেকগুলো গান তিনি ছেপেছিলেন সেই কবে; শুধু কি ছাপা-কাজেই তিনি লালনকে মূল্য দিয়েছেন?—রবীন্দ্রনাথের কত না গানেও লালন আর বাউলদের সুর লেগেছে, বাণীর সত্যতা ছুঁয়েছে, এমনকি কবিদৃষ্টিও তাঁর নতুন কোণ পেয়েছে জীবন অবলোকনে। আরেক মানুষ মনসুরউদ্দিন, কবি নন, কিন্তু শেকড়ের পাগল, তিনি লালনকে বিস্মৃতির অতল থেকে তুলে আনেন তাঁর হারামণি নামের লোকসাহিত্যের সংকলনে। এত সত্ত্বেও লালন আমাদের কাছে অচেনা অজানা অধরাই থেকে যান বড় দীর্ঘদিন। স্বাধীনতার এই একটি বড় কাজ—ফিরে দেখা, আর, বুঝে ওঠা যে—আমরা কে ও কীভাবে। লালন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যেন দ্বিতীয়বার জন্ম নিয়ে ওঠেন। আমরা অবাক হয়ে লক্ষ করি, রাজা রামমোহন আর লালনের জন্ম একই সালে বলে নির্ণীত—১৭৭২ খ্রিষ্টাব্দ; অথচ রামমোহন আমাদের মানস-নির্মাণে যে-ভূমিকা রাখেন তার চেয়ে কোনো অংশে কম নয় যে-লালনের ভূমিকা, সেই লালন থেকে যান আমাদের চর্চার বাইরেই। এ কি কেবল কুষ্টিয়ার ছেউড়িয়ার মতো অখ্যাত একটি গ্রামে লালনের বসবাস বলে?—আর, রামমোহনের বেলায় কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বলেই?স্বাধীনতার এই এক দিক—গ্রামটিকেও আমরা চিনে উঠেছি, বিশাল বাংলায় জীবনচর্চা নিরত মানুষগুলোকে আমরা ফিরে এনেছি—অতীত থেকে তো বটেই, আজকের থেকেও; আমাদের জীবনকৃষিতে তাদেরও লাঙল চালনাকে আমরা শনাক্ত ও মান্য করতে শুরু করেছি। লালন এভাবেই আজ আমাদের কাছে উঠে এসেছেন; আমরা স্পষ্ট করে, সত্য করে জেনেছি যে তিনি ছিলেন এবং তিনি আছেন। দীর্ঘ জীবন পেয়েছিলেন তিনি—একশ আঠারো বছর; আর, কী বিচিত্র ও তাৎপর্যপূর্ণ সে জীবন। মনসুরউদ্দিনের বইতে পাই—জন্মসূত্রে লালন ছিলেন হিন্দু, পিতার নাম জানা যায় না, মায়ের নাম পদ্মাবতী দেবী। একবার গঙ্গাস্নান উপলক্ষে লালন যান বহরমপুরে, ফেরার পথে মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হন। সঙ্গীরা তাঁকে মৃত মনে করে নদীর জলে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে দেহ তাঁর নদীর এক ঘাটে এসে থামে, তাঁর জ্ঞান কিছুটা ফেরে, তিনি কাতর শব্দ করতে থাকেন। লোকস্মৃতি এই যে তাঁতিঘরের এক মুসলিম নারী তখন ওই কাতর শব্দ শুনে লালনকে দেখতে পান, তাঁকে ঘরে নিয়ে আসেন, সেবাশুশ্রূষায় তাঁকে নিরাময় করে তোলেন। বসন্ত রোগের গভীর গুটিচিহ্ন লালন আজীবন বহন করেছেন তাঁর চেহারায়। আর, ওই যে তাঁতি পরিবারের গুরু সিরাজ সাঁই এসেছিলেন একদিন বাড়িতে, তাঁরই অধ্যাত্ম-চেতনায় লালনের মনে যে-জাগরণ ঘটে, সেটা তাঁর জীবন পেরিয়ে আমাদেরই এক উন্মেষ হয়ে ওঠে। হিন্দু ঘর থেকে মুসলিম ঘর, তারপর সিরাজ সাঁইয়ের মতো সাধকের সংস্পর্শে আসা, এ থেকে লালন হয়ে ওঠেন সেই লালন যাঁকে আমরা আজ জানি। এ সেই লালন যিনি, যেমনটা আগেও বলেছি, ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে মানুষকে মানুষ হিসেবে দেখেন ও দেখান। সেই লালন, যিনি কবি হয়ে ওঠেন, কবিতায় যিনি এই ইহজীবনকে অবলম্বন করে, একে সর্বমাত্রায় উপলব্ধি করে বেঁচে থাকাটাকেই সার্থক মানবজনম বলে গানে সুরে ভাবনায় সাধনায় আমাদের মর্মমূলে পৌঁছে দেন। আমরা হয়ে উঠি নিখাদ আমরা; বাঙালি হয়ে উঠি; রাজনৈতিক কূটচালের নোংরা যে লেগেছিল আমাদের পরিচয়ের ওপরে, তা ধুয়েমুছে যেতে থাকে। রবীন্দ্রনাথ-নজরুলের মতোই লালন আমাদের আত্মপরিচয় সন্ধানের দিকনক্ষত্র।এতখানি বলে, বাঙালি পরিচয় আর শেকড় সন্ধান কথার পিঠে একটা মন্দকথা বলি। সেই ঘোর ইংরেজ আমলে আমরা আমাদের করে তুলতে চেয়েছিলাম যেন ইংরেজেরই সামান্য অনুসারী; পাশ্চাত্যের জীবনযাপন পদ্ধতি তখন আমরা আক্ষরিকভাবে নকল করেছি; এমনকি আমাদের অগ্রজদেরও যেন ইংরেজের ছায়া হিসেবে দেখে গর্বিত হয়েছি, যেমন মাইকেল মধুসূদন দত্তকে বলেছি বাংলার মিলটন, বঙ্কিমকে বাংলার স্কট, এমনকি—আজ কী লজ্জাই না পাব—রবীন্দ্রনাথকে পর্যন্ত বলেছি তিনি বাংলার শেলি! যেন আমরা ইংরেজই হতে চাইছি! কর্ণমূল লাল করা সেই ভ্রান্তি ও মূর্খতা থেকে আমরা একদিন বেরিয়ে আসি বটে, কিন্তু আজ আবার শেকড়ের সন্ধানে বেরিয়ে, আমাদের সত্যে ও পরিচয়ের উৎস সঠিক শনাক্ত করবার কালে—কী দেখছি? পোশাকে-আশাকে বা চুলের দীর্ঘতায় ও ঝুঁটিবন্ধনে আমরা অনেকেই যেন শেকড়ে ফেরাকে দৃশ্যমান করতে চাইছি। এও এক ভ্রান্তি।সত্য এই—অতীতে ফেরা যায় না। অতীত থেকে নেওয়া যায়, কিন্তু এগিয়ে যেতে হয়। বৃক্ষের মতো শেকড় থেকে রস নিয়ে ঊর্ধ্ব আকাশে বিস্তার ঘটাতে হয় বাহুর। অতীতের প্রতি মুগ্ধতা—আত্মহত্যার প্রশস্ততম পথ। অতীতকে বর্তমানের ভেতরে অনুভব করে, যা নেবার তা নিয়ে, যা বাদ দেবার তা বাদ দিয়ে—বিশ্বের প্রতিটি জাতি ও দেশের প্রতিটি অর্জনের উত্তরাধিকারী যে আমরাও এতে বিশ্বাস করে এগিয়ে যাওয়াটা—একই সঙ্গে বাঙালি ও বৈশ্বিক হয়ে—এটাই প্রকৃত পথ। ওই বৈশ্বিক হবার প্রেরণাও লালনের কাছ থেকে পাবার: নানান বরণ গাভী রে ভাই একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখিলাম একই মায়ের পুত।