তিনি একজন মানুষ, প্রতীক নন
ভারতের দক্ষিণ দিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া সেই ছাত্রীর পরিচয় প্রকাশ করার কথা বলে নতুন বিতর্ক তৈরি করেছেন দেশটির মানবসম্পদ উন্নয়নমন্ত্রী শশী থারুর। আজ মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘ছাত্রীর পরিচয় ও ছবি প্রকাশ না করার কারণ কী? কেন নিজ নাম ও পরিচয়ে তাঁকে সম্মানিত করা হচ্ছে না?’ওই বার্তায় থারুর আরও বলেন, ‘ছাত্রীর মা-বাবার আপত্তি না থাকলে সংশোধিত ধর্ষণবিরোধী আইন তাঁর নামেই হওয়া উচিত। তিনি (ছাত্রী) একজন মানুষ, প্রতীক নন।’টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ছাত্রীটির পরিচয় প্রকাশের কথা বলার পর বিতর্ক শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে। শশীর এই চাওয়া ভারতীয় দণ্ডবিধিরও লঙ্ঘন। দণ্ডবিধির ২২৮(ক) ধারা অনুযায়ী, ধর্ষণের শিকার কারও নাম প্রকাশ বা প্রচার করা যাবে না। এমনকি ভুক্তভোগীর পরিচয় পাওয়া যায়, এমন কিছু প্রকাশ করা যাবে না।শশীর ওই মন্তব্যটি ভারতীয় পুলিশের কাছেও আপত্তিকর। ইতিমধ্যেই পরিচয় চিহ্নিত করা যায়, এমন বিষয় প্রকাশ করায় একটি ইংরেজি দৈনিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।এদিকে শশী তাঁর মন্তব্যটি টুইটারে প্রকাশ করার পরপরই এ নিয়ে পক্ষ-বিপক্ষে মন্তব্য শুরু হয়েছে। চীরদীপ নামে একজন টুইটার ব্যবহারকারী শশীর উদ্দেশে লিখেছেন, ‘অপরাধীদের বিচারব্যবস্থায় পরিবর্তন না এনে আপনি কেন তাঁর ছবি প্রকাশ নিয়ে ব্যস্ত?’অনিল ওয়ানভারি নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ভালো সুপারিশ। চার দিন আগে আমি এটাই ভেবেছিলাম।’গত ১৬ ডিসেম্বর দক্ষিণ দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক মেডিকেলছাত্রী। পরে তাঁকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর গত ২৯ ডিসেম্বর তিনি মারা যান।