তিনি একাই পাঁচ পদের দায়িত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একাই রাজশাহী পরিবার পরিকল্পনা কার্যক্রমের শীর্ষস্থানীয় পাঁচটি পদের দায়িত্বে রয়েছেন। সবচেয়ে বড় কার্যালয়টি নিয়ে এসেছেন একেবারে নিজের বাসায়। আর এই অব্যবস্থাপনার মধ্যে পড়ে বর্তমানে জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের অবস্থা বেহাল।তাঁর নাম আমীর হোসেন। তিনি রাজশাহী জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন—সিসি)। কিন্তু তিনি এ পদটি ছাড়াও ভারপ্রাপ্ত হিসেবে আরও চারটি পদের দায়িত্বে রয়েছেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজশাহী সূত্রে জানা গেছে, বর্তমানে রাজশাহীতে পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল সুপারভিশন টিমের (এফপিসিএসটি) আঞ্চলিক তত্ত্বাবধায়ক, রাজশাহী জেলার উপপরিচালক, সহকারী পরিচালক (সাধারণ) ও রাজশাহীর বোয়ালিয়া থানার আয়ন-ব্যয়ন কর্মকর্তার পদ শূন্য রয়েছে। জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সিসি) আমীর হোসেন একাই এই সব কটি পদের দায়িত্বে রয়েছেন। গত ৫ মে থেকে এসব দায়িত্ব পালন করছেন তিনি।রাজশাহী বিভাগের আট জেলার ক্লিনিক্যাল সুপারভিশন টিমের (এফপিসিএসটি) কার্যালয়টি আগে ছিল বগুড়ায়। আমীর হোসেন এটি রাজশাহীতে নিয়ে এসেছেন। অভিযোগ রয়েছে, নিজের সুবিধার্থে তিনি এর কার্যালয় করেছেন তাঁর নিজ বাসার নিচের তলায়। তিনি দপ্তরটির আঞ্চলিক তত্ত্বাবধায়কের দায়িত্বে। আমীর হোসেন স্বীকার করেছেন, পারিবারিক কাজের পাশাপাশি একই সঙ্গে এই কার্যালয়টির প্রতিবেদন দেখার কাজটিও করতে পারছেন। সেই সঙ্গে কার্যালয়ের ভাড়াটাও পাচ্ছেন। এই আঞ্চলিক তত্ত্বাবধায়কের কাজ হচ্ছে রাজশাহী বিভাগের আট জেলার (জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত) ক্লিনিক্যাল সব ধরনের কার্যক্রমের গুণগত মান যাচাই ও নিশ্চিত করা।জেলাটির পরিবার পরিকল্পনার উপপরিচালকের দায়িত্ব হচ্ছে, রাজশাহী সদরসহ জেলার নয়টি উপজেলার ক্লিনিক্যাল ও নন-ক্লিনিক্যাল (অফিস, মাঠ, গণসংযোগ) সব কাজের উন্নয়নের স্বার্থে প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা। খোঁজ নিয়ে জানা গেছে, এই দুটি পদের (আঞ্চলিক তত্ত্বাবধায়ক ও উপপরিচালক) জন্য দুটি গাড়ি বরাদ্দ রয়েছে। গত ১৯৯১ সাল থেকে যিনিই জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক হয়ে রাজশাহীতে এসেছেন, তিনিই রাজশাহী সিটি করপোরেশন এলাকা অর্থাৎ বোয়ালিয়া থানার আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। আমীর হোসেন বলেন, এখন তিনি নিজেই সেই দায়িত্ব পালন করছেন। একইভাবে তিনি সহকারী পরিচালকের (সাধারণ) দায়িত্বও পালন করে যাচ্ছেন।এদিকে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে একজন মেডিকেল অফিসার, জেলা অফিস তত্ত্বাবধায়ক, কোষাধ্যক্ষ, অফিস সহকারী তথা কম্পিউটার অপারেটর ও প্রজেকশনিস্টের পদে কোনো লোক নেই। এমএলএসএসের পদেও লোক ছিল না। উপজেলা থেকে একজনকে প্রেষণে নিয়ে এসে রাখা হয়েছে। আর ঝাড়ুদারের পদে লোক থাকলেও তাঁকে রাজশাহী বিভাগীয় পরিচালকের কার্যালয়ে প্রেষণে বদলি করা হয়েছে। এর ভেতর দিয়েই চলছে রাজশাহীতে পরিবার পরিকল্পনা কার্যক্রম।সম্প্রতি আমীর হোসেনের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, টেবিলের ওপর চেয়ার উল্টো করে তুলে রাখা হয়েছে। আমীর হোসেন এতগুলো পদে তাঁর দায়িত্ব পালন প্রসঙ্গে বলেন, এফপিসিএসটির আঞ্চলিক তত্ত্বাবধায়কের কাজটি কিছুই নয়। শুধু ঘুরে বেড়ানো আর রিপোর্ট দেখা। অন্যদিকে বোয়ালিয়া থানার আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, রাজশাহীতে সদর উপজেলা না থাকার কারণে একসময় এই নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়ম এখনো চলছে। তিনি আরও বলেন, তাঁর মূল পরিশ্রমের কাজটি হচ্ছে উপপরিচালকের। ১৫ বছর ধরে পদোন্নতি বন্ধ থাকার কারণে এই শূন্যতার সৃষ্টি হয়েছে। যাঁরা অবসরে যাচ্ছেন, তাঁদের জায়গায় কাউকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। আর নতুন লোকও আসছেন না। তাই যাঁরা আছেন তাঁদেরকেই চালিয়ে নিতে হচ্ছে। এ ব্যাপারে পরিবার পরিকল্পনার রাজশাহী বিভাগীয় পরিচালক এস এম জাহেদুল করিম বলেন, আমীর হোসেন হয়তো কাজে ফাঁকি দিচ্ছেন না। কিন্তু তাঁর একার পক্ষে পাঁচজনের কাজ করা সম্ভব নয়। এতে কাজের ক্ষতি হচ্ছে।