তিনি এখন দেশের সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আবারও পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অর্থমন্ত্রী মাফ চেয়েছেন। তিনি এখন দেশের সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করছেন না।’ তিনি বলেন, শুধু অর্থমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্ব পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে যুব জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দেশের আর্থিক খাতের সব দুর্নীতির দায় নিয়ে এ সরকারকে পদত্যাগ করার আহবান জানান তিনি।মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি নবায়নের জন্য সরকারের মন্ত্রী-উপদেষ্টারা ছুটে বেড়াচ্ছেন। অথচ কয়েক দিন আগেই তাঁরা বলেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবেন। তিনি জানতে চান, এখন তাঁরা আবার কেন ছুটে যাচ্ছেন। কেন ১০ মাস তাঁরা বসে থাকলেন, বিশ্ব ব্যাংকের চিঠি লুকিয়ে রাখলেন।সংকটে পড়লে এ সরকারের মন্ত্রী-উপদেষ্টারা দিল্লি ছুটে যান, উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ব্যাংক লুটেরাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে নখদন্তহীন দুর্নীতি দমন কমিশন (দুদক) অপেক্ষা করছে কখন নির্দেশ আসবে আর বলবে যে এরা নির্দোষ।’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান ও মোদাচ্ছের আলী কীভাবে দায় এড়াবেন, প্রধানমন্ত্রী কীভাবে দায় এড়াবেন, তা জানতে চেয়েছেন তিনি। এই সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তারা বুঝতে পেরেছে যে ক্ষমতা পরিবর্তন হলে তারা দেশে থাকতে পারবে না। এ জন্য মালয়েশিয়া, লন্ডনসহ বিভিন্ন দেশে তারা বাড়িঘর কিনছে বলে শোনা যাচ্ছে।’ সরকার একদিন ক্ষমতায় থাকলে হাজার কোটি টাকা লুটপাট হবে বলে মন্তব্য করেন তিনি।বুয়েট প্রসঙ্গে বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, শিক্ষার্থীরা এখনো ক্লাসে ফিরে যায়নি। কারণ, সরকার বুয়েটের উপাচার্যকে রক্ষা করছে। এই উপাচার্য সরকারের দুর্নীতির দোসর বলে মন্তব্য করেন তিনি। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের (একাংশ) মহাসচিব আবদুল লতিফ নিজামী, জামায়াতের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান।