খোলাবাজারের (ওএমএস) চাল চুরি করে বিক্রির অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করতে গিয়ে খুলনায় গতকাল বুধবার দলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ সময় প্রতিবাদকারীরা চাল চুরির ঘটনা সত্য বলে চিত্কার করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী লীগের নেতারা গালিগালাজ করে প্রতিবাদকারীদের ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেন।অভিযোগ উঠেছে, ওএমএস ডিলার, নগরের খালিশপুর থানার ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. বেলায়েত হোসেন ২২ মার্চ কালোবাজারে চাল বিক্রি করার সময় স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ জনতার হাতে ধরা পড়েন। তখন তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ওই ঘটনার খবর সেদিন স্থানীয় বিভিন্ন পত্রিকায় ছবিসহ প্রকাশিত হয়। কিন্তু ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করেননি দাবি করে বেলায়েত হোসেন গতকাল বেলা সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলায়েত বলেন, ‘২২ মার্চ দুপুরের দিকে স্বার্থান্বেষী একটি মহলের কয়েক ব্যক্তি খালিশপুর থানার পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে চার বস্তা চাল আটক করায়। তারপর জিজ্ঞাসাবাদের জন্য আমাকে থানায় ডেকে নেয় পুলিশ। আমি তখন পুলিশকে বলি, এটা ষড়যন্ত্র। পুলিশ কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যৌথভাবে আমার মালিকানাধীন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তাঁরা রেজিস্টার অনুযায়ী আমার প্রতিষ্ঠানে ওএমএসের চালের মজুদ সঠিক দেখেন। তারপর পুলিশ আমাকে ছেড়ে দেয়।’বেলায়েত হোসেন আরও বলেন, ‘সেদিন ফটোসাংবাদিক ভাইয়েরা পুলিশের প্রাথমিক তথ্যের ভিত্তিতে থানা থেকে আমার আলোকচিত্র নেন, যা পত্রপত্রিকায় প্রকাশিত হয়। সে কারণে আমার ও আমার দলের ভাবমূর্তি বিনষ্ট হয়।’বেলায়েত হোসেন সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁর রাজনৈতিক ও ব্যবসায়িক ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সামানউল্লাহসহ আওয়ামী লীগ ও যুবলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী।সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সেখানে উপস্থিত হন ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক আহ্বায়ক শেখ সাইদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের নেতা শেখ নাজমুল হুদা, মো. চঞ্চল হাওলাদার, সৈয়দ হুমায়ুন কবীর, মো. লাভীসহ ২০-২৫ জন নেতা-কর্মী। তাঁরা চাল চুরির অভিযোগে বেলায়েত হোসেনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে পড়েন এবং মৃধার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানান। এ সময় সেখানে থাকা নগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা প্রতিবাদকারীদের মারধর ও গালিগালাজ করে সেখান থেকে বের করে দেন।শেখ সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেলায়েত হোসেনসহ ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কয়েকজন ওএমএসের চাল চুরি করে সাধারণ মানুষের পেটে লাথি মারছেন, সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। সেদিন আমরা বেলায়েতকে হাতেনাতে ধরেছিলাম। আজ (বুধবার) আবার প্রতিবাদ করেছি।’ সাইদুল ইসলাম জানান, বেলায়েত দেখে নেওয়ার হুমকি দেওয়ায় তাঁরা গতকাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।খালিশপুর থানার উপ-পরিদর্শক আবদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওই দিনের ঘটনার পর আমরা বেলায়েত হোসেনের প্রতিষ্ঠানে গিয়ে হিসাব অনুযায়ী ওএমএসের চাল পেয়েছি।’