মৃত্যুবার্ষিকী: মমত্বে ভরা ছিল তাঁর হূদয়। যা কিছু মানবিক, তার সঙ্গেই ছিল বসবাস
তিনি জননী সাহসিকা
সুফিয়া কামালের কথা মনে হলেই কোমল হূদয়ের এক সাহসিনীর অবয়ব ভেসে ওঠে চোখে। এ কারণেই তিনি জননী সাহসিকা। ছোটখাটো মানুষ, কবি হিসেবেই পরিচিত, অথচ কী অসাধারণ ঋজুতায় নিজেকে দাঁড় করিয়েছিলেন দেশের গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে; নারীমুক্তি আন্দোলনের অগ্রভাগে। আজ তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকী। ১৯১১ সালের ২০ জুন তাঁর জন্ম। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান।মমত্বে ভরা ছিল তাঁর হূদয়। যা কিছু মানবিক, তার সঙ্গেই ছিল তাঁর বসবাস। অথচ কখনো যদি রাজনৈতিক-সাংস্কৃতিক আঘাতের মুখোমুখি হয়েছে বাংলার মানুষ, প্রতিবাদে দৃঢ় হয়েছে সেই কোমল হূদয়টাই। গৃহস্থালির কাজেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর হাতের রান্না যিনি খেয়েছেন, তিনিই জানেন, কত ভালো রাঁধুনি ছিলেন তিনি। প্রাণীর প্রতি তাঁর মমত্বের কথাও এ প্রসঙ্গে বলতে হয়। তবে, সবকিছু ছাপিয়ে যে বিষয়টি তাঁকে নিয়ে গেছে অমরত্বের পথে, সেটি হলো বাংলা নামের এই ভূখণ্ডে যেকোনো অবিচার-অনাচার হলেই তিনি প্রতিবাদ করেছেন।এই যুগের নবীনেরা কি কল্পনা করতে পারবে, কী এক যুগে জন্ম হয়েছিল সুফিয়া কামালের? বরিশালের শায়েস্তাবাদের এই মেয়েটির পক্ষে পড়াশোনা করা সহজ ছিল না। তাঁর শৈশবে মুসলিম পরিবারে নারীর শিক্ষালাভের সুযোগ ছিল একেবারেই সীমিত। বাড়িতেই শিক্ষকের কাছে উর্দু, আরবি ও ফার্সি ভাষা শিখেছিলেন। আর মা শিখিয়েছিলেন বাংলা। মায়েরই সঙ্গে তিনি মাত্র সাত বছর বয়সে ১৯১৮ সালে একবার কলকাতায় গিয়েছিলেন। সেখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। ১৯২৫ সালে বরিশালেই তিনি দেখা করেছিলেন মহাত্মা গান্ধীর সঙ্গে। কলকাতায় চলে আসার পর কবি নজরুল, মোহাম্মদ নাসিরউদ্দীনের সঙ্গে হয়েছিল পরিচয়। নাসিরউদ্দীনের সওগাত পত্রিকায়ই ‘বাসন্তী’ শিরোনামে সুফিয়া কামালের প্রথম কবিতা ছাপা হয়।তাঁর কীর্তিগাথা রচনা এই ছোট পরিসরে সম্ভব নয়। শুধু এটুকুই বলা যায়, সাতচল্লিশের দেশভাগের পর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার পর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ তাঁকে পাওয়া গেছে জনগণের অধিকার আন্দোলনের সংগ্রামে।ছবি তুলতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে কতবার! একবার প্রখ্যাত ফটো সাংবাদিক রশিদ তালুকদারের (প্রয়াত) নির্দেশে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কবি সুফিয়া কামালের বাসায় যাচ্ছিলাম। তাঁকে আমরা ‘খালাম্মা’ বলতাম। রাশিয়ান নারী প্রতিনিধিদল দেখা করতে এসেছিল তাঁর সঙ্গে। ধানমন্ডি মহিলা কমপ্লেক্সের রাস্তায় বাতিগুলো নিভু নিভু জ্বলছে। ছুটছি মোটরবাইকে। আলো-আঁধারের মাঝে হঠাৎই হাতের ঘড়ি দেখতে গিয়ে ঘটল বিপত্তি। দেখলাম, আমি মাটিতে ধরাশায়ী আর আমার চারদিকে যত্রতত্র মুরগি কক-কক স্বরে চিৎকার করছে। বুঝলাম, আমি একটা মুরগিওয়ালার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে বসেছি। আমার হাত-পা ছিলে রক্তাক্ত, মাথা দিয়েও ঝরছে রক্ত। সে অবস্থাতেই আবার ছুটছি খালাম্মার বাসায়।দোতলার বসার ঘরে খালাম্মাকে ঘিরে রাশিয়ান নারী প্রতিনিধিদল। আমি ফ্ল্যাশঅন করে ছবি তুলে চলেছি, বিভিন্ন অ্যাঙ্গেলে।এমন সময় খাল্লামা আমাকে ডাকলেন, ‘পাভেল তোমার কী হয়েছে? তোমার মাথা দিয়ে রক্ত ঝরছে!’ তিনি দারুণ উদ্বিগ্ন হয়ে আমার শুশ্রূষা করতে শুরু করলেন। তাঁর এই উদ্বিগ্নতায় রাশিয়ান নারীরাও ব্যস্ত হয়ে উঠলেন আমাকে নিয়ে। আমি বিব্রত হলাম।হ্যাঁ, তাঁকে খালাম্মা ডাকলেও তিনি যেন ছিলেন সাক্ষাৎ নিজের মা। আর তাঁর চোখে আমি ছিলাম নিজ সন্তানের মতোই আরেক সন্তান। একই অভিজ্ঞতা অনেকেরই নিশ্চয় আছে।স্বাধীনতার পর যখন আমার হাতে ক্যামেরা, যখন আমি খবরের কাগজে কাজ শুরু করি—সেই ১৯৭৩ থেকে আমি তাঁর ছবি তুলি। দাবি আদায়ে রাজপথে ব্যানার নিয়ে মহিলা পরিষদের বিক্ষোভে; কখনো কবুতর হাতে সম্মেলন উদ্বোধনীতে; কখনো বা কোনো অসহায়ের পাশে; আবার কখনো তাঁর প্রিয় পোষা বিড়ালকে নিয়ে।খালাম্মার কবিতা পড়েছি সেই ছোটবেলায়। আর সেই মহীয়সী নারী যখন আমার সামনে আমার ক্যামেরায় এলেন, তখন যেন তিনি হয়ে উঠছিলেন আমার শ্রদ্ধার আরেক মা—খাল্লামা।প্রধানমন্ত্রীর বাণী: কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুতোষ রচনা থেকে শুরু করে সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে কবি সুফিয়া কামালের লেখনী যেমন পাঠককে এখনো আলোড়িত করে; তেমনি আমাদের সমাজে প্রগতি, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও নারীমুক্তির বিকাশে তাঁর দিকনির্দেশনা সবাইকে অনুপ্রেরণা দেয়।’কর্মসূচি: কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটি আজ বেলা তিনটায় সিরডাপ মিলনায়তনে কবির স্মরণসভার আয়োজন করেছে। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাতটায় সুফিয়া কামাল স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে।